রাজবাড়ীতে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার
ডিটেকটিভ নিউজ ডেস্ক

রাজবাড়ীর পাংশা উপজেলায় নিখোঁজ হওয়ার তিনদিন পর পুকুর থেকে মো. পিয়াস আলী (১৬) নামে এক মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বাবুপাড়া ইউনিয়নের ভট্টাচার্যপাড়া গ্রামের রায় মশাইয়ের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। পিয়াস ভট্টাচার্যপাড়া গ্রামের মো. আরশেদ আলীর ছেলে এবং বাবুপাড়া দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্র। পিয়াসের পরিবারের বরাত দিয়ে পাংশা থানার ওসি মোফাজ্জেল হোসেন জানান, ১৯ ডিসেম্বর সন্ধ্যায় পিয়াস স্থানীয় রশিদ মোড় এলাকায় টিভি দেখতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। এরপর সে আর বাড়ি ফেরেনি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করলেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। গতকাল শুক্রবার সকালে ভট্টাচার্যপাড়া গ্রামের রায় মশাইয়ের পুকুরে পিয়াসের লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়। তিনি আরও জানান, মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। তাৎক্ষণিকভাবে মৃত্যু কারণ জানা যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে কারণ জানা যাবে।