শেরপুরে পিস্তল ও গুলিসহ আটক ২
ডিটেকটিভ নিউজ ডেস্ক

শেরপুরের নালিতাবাড়ী উপজেলা থেকে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও তিন রাউন্ড গুলিসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৪)। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার নয়াবিল ইউনিয়নের বারোয়ামারী আন্ধারুপাড়া সীমান্ত সড়ক থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন- উপজেলার তাড়ানি গ্রামের রিপন চাকমার ছেলে ইলেকশন দারু (৫২) ও কাকরকান্দি বেনুপাড়া গ্রামের বংকীম রাকসামের ছেলে তুহিন রাকমাস (৫৫)। র্যাব-১৪-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. হাছান মোস্তফা স্বপন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আন্ধারুপাড়া সীমান্ত সড়কে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলিসহ তাকে আটক করা হয়। এ ঘটনায় নালিতাবাড়ী থানায় অস্ত্র আইনে মামলা করে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।