যশোর-বেনাপোল সড়ক দুর্ঘটনায় সাংবাদিকের স্ত্রী নিহত, সাংবাদিক আহত
বেনাপোল থেকে এনামুল হক

যশোর-বেনাপোল সড়কে শার্শা উপজেলা বাজারে মঙ্গলবার সন্ধ্যায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শার্শা দাখিল মাদ্রাসার সুপার ও প্রেসক্লাব বেনাপোলের সদস্য দৈনিক সংগ্রামের শার্শা প্রতিনিধি আনোয়ারুল কবিরের স্ত্রী সেলিনা আক্তার (৪৫) নিহত হয়েছে। এ ঘটনায় সাংবাদিক আনোয়ারুল কবির আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মশিউর রহমান জানান, নিজ গ্রামের বাড়ি মনিরামপুর থেকে বেনাপোল বাড়ি ফেরার পথে যশোর-বেনাপোল সড়কের শার্শা বাজারের হাইস্কুলের সামনে পৌছালে যশোর থেকে বেনাপোলগামী একটি কাভার্ড ভ্যান পিছন থেকে ধাক্কা দিলে মোটরসাইকেলের পিছনে বসে থাকা তার স্ত্রী সেলিনা আক্তার পড়ে যায়। এ সময় মাথা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় সাংবাদিক আনোয়ারুল কবির গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় নাভারন হাসপাতালে ভর্তি করে। দুর্ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে বলে জানান ওসি। এ ঘটনায় শার্শাসহ বেনাপোলে সাংবাদিকদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।