সাভারে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে চা দোকানি গ্রেফতার
ডিটেকটিভ নিউজ ডেস্ক

ঢাকার সাভারে শারীরিক প্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের অভিযোগে স্থানীয় চা দোকানিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার ভোরে নগরকোন্ডা এলাকা থেকে তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে বলে সাভার মডেল থানার ওসি মহসিনুল কাদির জানান। গ্রেফতার মজিবর রহমান (৩৫) ওই এলাকার সাহেব আলীর ছেলে। শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা। ওসি জানান, ১১ বছর বয়সী শিশুটি দাদির সঙ্গে থাকে। গত শনিবার রাতে দাদি তাকে বাড়িতে একা রেখে দোকানে কেনাকাটা করতে যায়। তখন সুযোগ বুঝে স্থানীয় চা দোকানি মজিবর ঘরে ঢুকে মুখ চেপে মেয়েটিকে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে দাদি ঘরে ফিরে বিষয়টি বুঝতে পেয়ে প্রতিবেশীদের সহায়তায় পুলিশে খবর দেয়। এ ঘটনায় রাতেই মামলা হলে পুলিশ ভোরে অভিযান চালিয়ে মজিবরকে গ্রেফতার করে বলে জানান তিনি।