নীলফামারীতে সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীকে গলা কেটে হত্যা
ডিটেকটিভ নিউজ ডেস্ক

নীলফামারীর সৈয়দপুরে সাবেক এক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সৈয়দপুর থানার পরির্দশক (তদন্ত) মো. শাহজাহান পাশা জানান, উপজেলার কয়া নিজপাড়া মহল্লার একটি পরিত্যাক্ত বাড়ি থেকে গতকাল রোববার সকাল ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ইসমত আরা বেগম (৪২) উপজেলার কামারপুকুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলামের স্ত্রী। প্রত্যক্ষদর্শীদের বরাতে পরির্দশক শাহজাহান বলেন, সকালে চেয়ারম্যানের বাড়ির পেছনে প্রায় ৫০ গজ দূরে ওই পরিত্যাক্ত বাড়ির পাশ দিয়ে যাতায়াতের সময় স্থানীয়রা ইসমত আরার গলাকাটা লাশ দেখতে পায়। পরে তারা থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে বলে জানান তিনি। এ পুলিশ কর্মকর্তা বলেন, লাশের পাশ থেকে একটি রক্তমাখা বটি জব্দ করা হয়েছে। তবে হত্যাকা-ের কারণ ও এ ঘটনায় কারা জড়িত তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করা যায়নি। ইসমত আরা স্বামী শফিকুল ও দেবর সফিয়ার রহমানকে থানায় ডেকে আনা হয়েছ। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।