মোহাম্মদ ইকবাল হাসান সরকারঃ

রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে হজ কর্মসূচি-২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ছবিঃ প্রাইভেট ডিটেকটিভ।
হজ নিয়ে ব্যবসা না করার জন্য বাংলাদেশ হজ এজেন্সি অ্যাসোসিয়েশনের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। গত ২জুলাই ২০১৯ ইং তারিখ মঙ্গলবার রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে হজ কর্মসূচি-২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।রাষ্ট্রপতি আব্দুল হামিদ বলেন, ‘মনে রাখবেন, হাজিরা কারো দয়া অথবা অনুকম্পা নিয়ে সৌদি আরবে যান না। বরং আপনারা তাদের কাছ থেকে লাভবান হচ্ছেন। তাই হজ ব্যবসার নামে তাদের সঙ্গে প্রতারণা করবেন না, কারণ বিষয়টি খুবই স্পর্শকাতর।’ হজ নিয়ে নানা অভিযোগ ও অনিয়মের কথাও উল্লেখ করেন আবদুল হামিদ।রাষ্ট্রপতি আব্দুল হামিদ হজ নিয়ে যেকোনো ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি উচ্চারন করে বলেন, ‘কোনো ব্যক্তি অথবা এজেন্সির বিরুদ্ধে কোনো প্রকার অনিয়ম দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণে কোনো দ্বিধা করবে না।রাষ্ট্রপতি আব্দুল হামিদ হজের সময় মক্কা এবং মদিনায় হাজীদের জন্য প্রয়োজনীয় সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করতে হাব প্রতিনিধিদের প্রতি আহ্বান জানান। তিনি মক্কায় পবিত্র কাবা শরীফে নামাজ আদায়কালে দেশের উন্নয়ন ও অগ্রগতি এবং জনগণের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করার জন্য হাজীদের প্রতি আহ্বান জানান।হাজীদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, ‘আপনারা পবিত্র স্থানে যাচ্ছেন, আপনারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং দেশের স্বাধীনতা যুদ্ধে জীবন উৎসর্গকারী বীর শহীদদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করবেন।’এ বছর বাংলাদেশ থেকে সরকারের তত্ত্বাবধানে ছয় হাজার ৯২৩ জনসহ মোট এক লাখ ২৬ হাজার ৯২৩ জন হজ করবেন বলে ধারণা করা হচ্ছে। আগামী বৃহস্পতিবার থেকে হজ ফ্লাইট শুরু হবে। বিমান বাংলাদেশ এয়ার লাইন্স এবং সৌদি এয়ার লাইন্স হজ যাত্রীদের পরিবহন করবে।ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, বেসামরিক বিমান ও পর্যটন সচিব মো. মহিবুল হক, ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. আনিসুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রাইভেট ডিটেকটিভ/৩জুলাই ২০১৯/ইকবাল