ঢাকায় সৎভাইয়ের বিরুদ্ধে শিশুকে গলাটিপে হত্যার অভিযোগ
ডিটেকটিভ নিউজ ডেস্ক

ঢাকার উত্তরখানে এক শিশুকে তার সৎভাই গলাটিপে হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। নিহত মো. ছিমরান (৭) উত্তরখান ইউনিয়নের উজামপুর এলাকার দিনমজুর নাসির উদ্দিনের ছেলে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় তুরাগের উজামপুর ঘাটে ভাসমান একটি নৌকার পাটাতন থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। উত্তরখান থানার উপপরিদর্শক মো. আনোয়ার হোসেন খান জানান, নাসিরের প্রথম পক্ষের ছেলে বাপ্পিকে (২২) ঘটনাস্থলেই আটক করে স্থানীয়রা। পরে তারা তাকে পুলিশে সোপর্দ করে। ছিমরান তার মা গার্মেন্টস কর্মী সুফিয়া বেগম ও বাবা নাসিরের সঙ্গে উজামপুরে থাকত। নাসিরের প্রথম পক্ষের সন্তান বাপ্পি মা-বাবার বিচ্ছেদের পর গাজীপুরে থাকলেও বাবার সঙ্গে দেখা করতে মাঝে মধ্যে উজামপুরে আসত। পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে উপপরিদর্শক আনোয়ার বলেন, বাপ্পি গত বৃহস্পতিবার বিকালে ছিমরানকে বেড়াতে যাওয়ার কথা বলে উজামপুর ঘাটে নিয়ে যায়। সেখানে একটি নৌকার উপর নিয়ে শিশুটিকে গলাটিপে হত্যা করে সে। পরে স্থানীয়দের কাছ থেকে খব পেয়ে পুলিশ গিয়ে বাপ্পিকে গ্রেফতার করে। সব আইনি প্রক্রিয়া শেষে ছিমরানের লাশ মধ্যরাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় ছিমরানের মা সুফিয়া উত্তরখান থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। ওই মামলায় বাপ্পিকে গ্রেফতার দেখানো হয়েছে বলে এসআই আনোয়ার জানিয়েছেন।