তানোরে শিক্ষকদের মধ্যে চরম অসন্তোষ
আলিফ হোসেন,তানোর

রাজশাহীর তানোরে নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষকদের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, রাজশাহী জেলা শিক্ষক সমিতি থেকে বেরিয়ে পৃথকভাবে উপজেলা শিক্ষক সমিতি গঠন করা নিয়ে শিক্ষকদের মধ্যে এই অসন্তোষের সূত্রপাত হয়েছে। সূত্র জানায়, আগামি শিক্ষাবর্ষে অবৈধ নোট-গাইড বই বাণিজ্য করার উদ্দেশে উপজেলা শিক্ষক সমিতি গঠনের জন্য মরিয়া হয়ে উঠেছে কথিত আওয়ামী মতাদর্শী একশ্রেণীর শিক্ষক। এদিকে এই প্রচেস্টা সফল করতে বির্তকিত এক আওয়ামী লীগ নেতার নেপথ্যে মদদে আওয়ামী মতাদর্শী একশ্রেণীর শিক্ষক নেতা সাধারণ শিক্ষকদের এমপিও এমনকি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও স্থগিত করার হুমকি দিয়ে তাদের সমিতিতে অর্ন্তভূক্ত হবার জন্য বিভিন্ন ভাবে ভয়ভীতি ও হুমকি দিচ্ছেন বলে গুঞ্জন বইছে। অপরদিকে এই খবর ছড়িয়ে পড়লে সাধারণ শিক্ষকদের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে। আওয়ামী লীগ-বিএনপি ও জামায়াত মতাদর্শী শিক্ষকদের মধ্যে এখন মতবিরোধ ও ত্রিমূখী দ্বন্দ্ব বিরাজ করছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তানোরে নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক মিলে প্রায় ৫৯টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। প্রতি বছর এসব শিক্ষা প্রতিষ্ঠানে (এনসিটিবি)’র তালিকা বর্হিভূত অবৈধ নোট-গাইড বই পাঠ্য তালিকায় অর্ন্তভুক্ত করে প্রায় অর্ধকোটি টাকার বাণিজ্য করা হয় বলে অভিভাবক মহলের অভিযোগ। অভিযোগ মতে, সমিতি রীতিমতো দর কষাকষির মাধ্যমে বড় অঙ্কের আর্থিক সুবিধা নিয়ে এনসিটিবির তালিকা বর্হিভূত একশ্রেণীর প্রকাশনীর নিম্নমাণের নোট-গাইড ও গ্রামার বই পাঠ্য তালিকাভুক্ত করে। আর অবৈধভাবে অর্জন করা এই বিপুল অঙ্কের টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে জেলা সমিতির সঙ্গে উপজেলা সমিতির মতবিরোধ সৃষ্টি হয়। এদিকে আওয়ামী লীগের জনবিচ্ছিন্ন ও বির্তকিত এক নেতার মদদে আওয়ামী মতাদর্শী একশ্রেণীর শিক্ষক নেতা এবার নিজেরাই নোট-গাইড বই বাণিজ্য করার লক্ষ্য জেলা কমিটি থেকে বেরিয়ে পৃথক কমিটি গঠনের জন্য মরিয়া হয়ে উঠেছে। ফলে জেলা কমিটির সঙ্গে উপজেলা কমিটি ও আওয়ামী লীগ-বিএনপি এবং জামায়াত মতাদর্শী শিক্ষকদের মধ্যে চতুরমূখী দ্বন্দ্ব দেখা দিয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রধান শিক্ষক বলেন, তারা জেলা কমিটিতে থাকতে চাই, কিšত্ত উপজেলা কমিটির কতিপয় নেতা তাদের জানিয়েছে জেলা থেকে বেরিয়ে তাদের কমিটিতে না আসলে তার স্কুলের শিক্ষকদের এমপিও বন্ধ করে দেয়া হবে। এব্যাপারে তানোর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও চাপড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেস্টা করা হলেও মুঠোফোন বন্ধ থাকায় তার কোনো বক্তব্য জানা যায়নি। এব্যাপারে উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও পাড়িশো উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাম কমল সাহা এসব অভিযোগ অস্বীকার করে বলেন, কাউকে চাপ দেয়া হয়নি। তিনি বলেন, সাধারণ শিক্ষকরা অনুরোধ করেছে জেলা থেকে বেরিয়ে আসার।