নিজেদের ১৫ জঙ্গির শিরশ্ছেদ করেছে আইএস
ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

জঙ্গি গোষ্ঠী আইএস নিজেদের ১৫ সদস্যের শিরশ্ছেদ করেছে বলে দাবি করলেন এক আফগান কর্মকর্তা। নানগাহারে আইএস এবং তালেবান নিজেদের মধ্যে লড়াই করে আসছে। এ ছাড়া তাদের বিমান হামলা চালাচ্ছে মার্কিন জোট। তবে এই দুই গোষ্ঠীর মধ্যে এখন কেমন সম্পর্ক বিদ্যমান তা স্পষ্ট নয়। নানাগারহার প্রদেশের গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ খোগানি বলেন, আইএসের অন্তঃকলহের কারণে ওই সদস্যদের শিরশ্ছেদ করা হয়। গতকাল শুক্রবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, অচিন প্রদেশের সুখ আব বাজারে এই ঘটনা ঘটে। তবে আইএসের পক্ষ থেকে কিছু নিশ্চিত করা হয়নি। এদিকে গত বৃহস্পতিবার নানাগারহারেই আত্মঘাতী হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। এখন পর্যন্ত কেউ হামলার দায়ভার স্বীকার করেনি। পাকিস্তান সীমান্তবর্তী এই এলাকাতে আইএস শক্ত অবস্থান দখল করে রেখেছে। হাসপাতাল সূত্রে জানা যায় ওই হামলায় ৮ জন নিহত হয়েছেন এবং ১৫ জন আহত হয়েছেন। চলতি বছর আফগানিস্তানের গোয়েন্দা সংস্থা প্রকাশিত প্রতিবেদনে দেখা যায় এখনও নয়টি প্রদেশে উপস্থিতি রয়েছে আইএসের।