হবিগঞ্জে বাসের ধাক্কায় রিকশাচালক নিহত, ২ আরোহী আহত
ডিটেকটিভ নিউজ ডেস্ক

হবিগঞ্জের মাধবপুরে বাসের ধাক্কায় ইসমাইল মিয়া (৩০) নামে এক রিকশাচালক নিহত ও ২ যাত্রী আহত হয়েছেন। গতকাল বুধবার সকাল সাড়ে ১১টায় ঢাকা-সিলেট মহাসড়কের নোয়াপাড়া ইউনিয়নের বেঙ্গাডুবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইসমাইল মাধবপুর উপজেলার ঘাটুয়া গ্রামের সিরাজ মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে সিলেটগামী ইউনিক পরিবহনের যাত্রীবাহী বাস একটি রিকশাকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক ইসমাইল মিয়ার মৃত্যু এবং আহত হয় দুই যাত্রী। তাদের হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি জসিম উদ্দিন খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য লাশটি হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।