টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের সখীপুরে দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করেছে তার স্বামী।
পারিবারিক সূত্রে জানা যায়, গত শনিবার গভীর রাতে উপজেলার কচুয়া বেপারীপাড়া গ্রামের বাপের বাড়িতে স্ত্রী আকলিমা আক্তারকে স্বামী প্রবাসী জুয়েল রানা নির্মমভাবে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে।
আকলিমার আর্তচিৎকারে প্রতিবেশিরা তাকে উদ্ধার করে প্রথমে সখীপুর স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় সোমবার ভোররাতে তিনি মারা যান। তার বাবার নাম আলতাফ হোসেন।
ঘাতক স্বামী জুয়েল রানা একই উপজেলার কালিয়াপাড়া গ্রামের আবদুল লতিফের ছেলে।
নিহতের দাদি ছাহেরা বেগম বলেন, মাঝে মধ্যেই তারা ঝগড়াঝাটি করতো। ঘটনার পর তারা জুয়েলকে আটক রাখে। কিন্তু স্থানীয় ইউপি সদস্য বাদল হোসেনের নেতৃত্বে জুয়েলের এলাকার মেম্বার শামছুল আলম, আবুল হাশেম ও বিল্লাল হোসেন মিলে তাদের জিম্মায় ছাড়িয়ে নেয়।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকছুদুল আলম বলেন, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সরেজমিনে সোমবার দুপুরে গিয়ে দেখা যায়, যে ঘরে আকলিমাকে কুপানো হয়েছে এখনও ঘরের মেঝেতে রক্তের দাগ রয়েছে। চাপাতিও রক্ষিত আছে।