সিরাজগঞ্জে পিস্তল ও গুলিসহ ৫ ডাকাত আটক
ডিটেকটিভ নিউজ ডেস্ক

সিরাজগঞ্জের তাড়াশে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, দুইটি ছুরি, চার রাউন্ড গুলিসহ পাঁচ ডাকাতকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব) সদস্যরা। গতকাল শুক্রবার ভোরে তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কের গুন্তা গ্রাম থেকে তাদের আটক করা হয়।
এরপর বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় র্যাব। আটকরা হলেন- তাড়াশ উপজেলার গোবরগাড়ী গ্রামের মো. দানেশ আলীর ছেলে মো. আবদুর রাজ্জাক (৩৮), সলঙ্গা থানার রয়হাটি উত্তরপাড়ার নুর মোহাম্মদ মণ্ডলের ছেলে গোলাম মোস্তফা (৪০), একই এলাকার মৃত খাদেম ব্যাপারীর ছেলে মো. নজরুল ইসলাম, নাটোর জেলার সিংড়া উপজেলার বামিহাল দামিরাপাড়া গ্রামের মৃত আজিজুল সরকারের ছেলে ইসমাইল হোসেন (৪৭) ও বগুড়া জেলার নন্দীগ্রাম থানার বিষ্ণুপুর গ্রামের দবির উদ্দিনের ছেলে মো. হাসান (৪০)। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে র্যাবের একটি দল গুন্তা গ্রামে অভিযান চালায়। এ সময় একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, দুইটি ছুরি, চার রাউন্ড গুলিসহ ও ছয়টি মোবাইলসহ পাঁচ ডাকাতকে আটক করা হয়।