কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের নাগেশরীতে অনেক আশা নিয়ে হজ কোম্পানীকে টাকা দিয়েও হজে যেতে পারছে না দুজন হজ প্রত্যাশি। তাদের কাছ থেকে ৫ লাখ ৩০ হাজার টাকা নিয়ে প্রতারণার ফাঁদে ফেলেছে কুড়িগ্রাম সদরের আনিছুর রহমান নামে এক প্রতারক। চুড়ান্ত নিবন্ধন করা হলেও আনিছুর টাকা জমা না দেওয়ায় এবারও হজে যেতে পারছে না তারা। এদিকে প্রতারক আনিছুর মোবাইল বন্ধ করে আত্মগোপন করায় ভোগান্তিতে পরেছে হজ যাত্রী ইসমাইল ও শুকুর আলী। আনিছুর হলি মক্কা মদিনা ট্রাভেলস এর নামে টাকা জমা দিলেও রেজিস্ট্রেশন করা হয় গ্যালাকটিকা ট্রাভেলস এর নামে। ফলে বিপাকে পড়েছে দু’হজ যাত্রী।
অভিযোগ সূত্রে জানা যায়, নাগেশরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের নন্দনপুর এলাকার ইসমাইল হোসেন এবং পৌরসভার হেলিপ্যাড এলাকার শুকুর আলী হজের মোয়াল্লেম কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের কুমরপুর মাদ্রাসার সহকারি শিক্ষক আনিছুর রহমান হজ প্রত্যাশিদের কাছে ২০১৭ সালে মার্চ মাসে ৮ কিস্তিতে হলি মক্কা মদিনা ট্রাভেলস’র নামে ৫ লাখ ৩০ হাজার টাকা গ্রহন করে। তাদের নামে প্রাক নিবন্ধনও করা হয় গ্যালাকটিকা ট্রাভেলস ইন্টারন্যাশনাল, হজ লাইসেন্স নং-০৭৮০, আল রাজি কমপ্লেক্স ১৬৬-১৬৭ শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্মরণী (৬ষ্ঠতলা) ঢাকার মাধ্যমে। হজে যাওয়ার সকল প্রস্তুতি সম্পন্ন করার পর হজ প্রত্যাশিরা ফ্লাইটের পর ফ্লাইট অপেক্ষা করে জানতে পারেন তারা প্রতারিত হয়েছেন। হজ এজেন্সি তাদের নিবন্ধন বাতিল করেছেন। আনিছুর রহমান রিসিট দিয়ে টাকা নিলেও গ্যালাকটিকা ট্রাভেলসকে সেটা জমা প্রদান করেনি। ফলে অনেক আশা বুকে নিয়েও হজে যেতে পারেনি তারা। এরপর চলতি বছর আনিছুর রহমানকে চাপ দেয়া হলে সে এবার হজে নিয়ে যাবে বলে প্রতিশ্রুতি দেয়। সে মোতাবেক গ্যালাকটিকা ট্রাভেলস ইন্টারন্যাশনাল তাদের নামে চুড়ান্ত নিবন্ধন কাজ সম্পন্ন করে। কিন্তু কোম্পানীর প্রতিনিধি গাজী আতাউর জানান, আনিছুর রহমান এখনো কোন অর্থ প্রদান করে নাই। নতুন হজ নিয়ম অনুযায়ী তারা দুজনের জন্য ৬লাখ টাকা দাবি করে। ফলে আনিছুরের প্রতারণার ফাঁদে পরে বৃদ্ধ বয়সে এই দুজনকে ধড়ণা দিতে হচ্ছে বিভিন্ন জায়গায়। সুচতুর আনিছুর নিজেকে বাঁচাতে মোবাইল ফোন বন্ধ করে এখন গা ঢাকা দিয়েছে। ফলে এই দুজনের হজে যাওয়া এখন অনিশ্চিত হয়ে পরেছে।
এ ব্যাপারে গ্যালাকটিকা ট্রাভেলস ইন্টারন্যাশনাল এর প্রতিনিধি গাজী আতাউর এর ০১৭১১-৯৫৮৩৮৯ নম্বর এবং প্রতারক আনিছুর রহমানের আরেকটি মোবাইল ০১৭১৯-২৪৮৭৬১ নম্বরে একাধিকবার ফোন করা হলেও তাদেরকে পাওয়া যায়নি।
প্রাইভেট ডিটেকটিভ/৫জুলাই ২০১৮/ইকবাল