আফরোজা পারভীন UPDI পাইকগাছা প্রতিনিধিঃ
আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশ নিতে বর্তমানে জর্ডানে অবস্থান করছে পাইকগাছার মেধাবী মাদ্রাসা শিক্ষার্থী হাফেজ গাজী আব্দুল্লাহ (১৫)।
১২-১৭ মে জর্ডানের রাজধানী আম্মানে অনুষ্ঠিত সপ্তাহব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের একমাত্র প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করছে আব্দুল্লাহ।
সে পাইকগাছা পৌরসভার ৫নং ওয়ার্ড সরল গ্রামের নূরজাহান মেমোরিয়াল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের সত্বাধিকারী শিশু বিশেষজ্ঞ ডাক্তার মুহাম্মদ কওছার আলী গাজী ও কনসালটেন্ট সনোলজিস্ট ডাক্তার জিনাত গুলশানের ছেলে। আব্দুল্লাহ ঢাকার মার্কাজুততাহফিজ মাদ্রাসার মাদানী নিসাব বিভাগের ছাত্র।
এর আগে সে ৪ মার্চ ঢাকাতে ইসলামিক ফাউন্ডেশনে অনুষ্ঠিত জাতীয় কুরআন প্রতিযোগিতায় দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করে।
আব্দুল্লাহ বাংলা ভিশনে পুষ্ঠি পবিত্র কুরআনের আলো প্রতিযোগিতা ২০১৮ এর ফাইনাল রাউন্ডে উত্তীর্ণ হয়েছে। আগামী ২৭ রমযান প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।
এছাড়াও সৌদি দুতাবাসে অনুষ্ঠিত জাতীয় প্রতিযোগিতায় সে একাধিকবার খুলনা বিভাগ থেকে প্রথম স্থান অধিকার করেছে।
আব্দুল্লাহ বৃহস্পতিবার জর্ডানে পৌছায়। সফরসঙ্গী হিসেবে তার সঙ্গে রয়েছেন মার্কাজুততাহফিজ মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ নেছার আহম্মাদ আন নাসেরী। আব্দুল্লাহ সকলের কাছে দোয়াপ্রার্থী।
প্রাইভেট ডিটেকটিভ/১২মে২০১৮/ইকবাল