সুমন আহমেদ, তারাগঞ্জ রংপুর :
গতকাল বুধবার ঈদ-উল-আযহার দিনে রংপুরের তারাগঞ্জ উপজেলা পরিষদের পাশে আনজিরন নেছা মহিলা বিএম কলেজের সামনে ঘটে যাওয়া দুই বাসের মুখোমুখি সংঘর্ষে 4জন নিহতের মধ্যে ৩ জনের পরিচয় মিলেছে।
তারাগঞ্জ হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, গতকাল বুধবার ঈদের দিনে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলার আনজিরন নেছা মহিলা বিএম কলেজের সামনে ঢাকা থেকে দিনাজপুরগামী হিমাচল পরিবহনের একটি বাসের সাথে দিনাজপুর থেকে ঢাকা গামী হানিফ পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে একজন মারা যায়। গুরুতর আহত আরো ৪ জনকে রংপুর মেডিকেল কলেজহাসপাতালে ভর্তি পাঠানো হয়েছে। সাধারণ আহত কয়েকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
হাইওয়ে থানার ওসি নুরন্নবী প্রধান বলেন, ঘটনাস্থলে যে ৩ জন নিহত হয়েছে আমরা তাদের সংক্ষিপ্ত পরিচয় জানতে পেরেছি। নিহতদের মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং তাদের পরিবারের কাছে মরদেহ হস্তান্তরের কার্যক্রম প্রকিয়াধীন রয়েছে। নিহতরা হলেন হিমাচল পরিবহনের যাত্রী দিনাজপুরের পার্বতীপুর উপজেলার আলতাফ হোসেনের পুত্র আনিছুর রহমান (৩০), হিমাচলপরিবহনের সহকারিচালক ঢাকা সাভারের বরকত মিয়ার ছেলে বাবু মিয়া (৩৫) ও একই বাসের ইঞ্জিন মিস্ত্রি ফেনী জেলার আবুল খায়েরের পুত্র জিয়া উদ্দিন (৩০)।