আব্দুল্লাহ আল মামুন, বিশেষ প্রতিনিধিঃঃ
গত শুক্রবার (২১ মে) রাজধানীর ওয়ারী থানা এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে কিশোর গ্যাং চকের ৬ সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)। এরা হলো- ১। মো. শামসুল হক হৃদয় (২৪), ২। মুরাদ হোসেন (২৩), ৩। মো. আকবর হোসেন @ সোহেন (২৪), ৪। মো. আকবর হোসেন (৩০), ৫। মো. রিপন (২৭) এবং ৬। রাকিব (২৩)।
এএসপি. এনায়েত কবীর সোয়েব স্বাক্ষরিত এক প্রেস-বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব-১০ জানায় যে, শুক্রবার রাত আনুমানিক ৯’টার দিকে রাজধানীর ওয়ারী থানাধীন জয়কালী মন্দির ও কাপ্তান বাজার এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতিকালে কিশোর গ্যাং চক্রের এই ৬ সক্রিয় সদস্যকে আটক করে র্যাব-১০ এর আভিযানিক দল। এ সময় তাদের নিকট থেকে ২ টি সুইচ গিয়ার, ১ টি চাপাতি, ৩ টি ছুরি, ৪ টি মোবাইল ফোনসেট ও নগদ ১ হাজার ২ শত ৪০ টাকা উদ্ধার করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই অপরাধীরা স্থানীয়ভাবে বিভিন্ন নামে পরিচিত কিশোর গ্যাং গ্রুপ- পিচ্চি হৃদয়, মুরাদ এবং আকবর গ্রুপের সদস্য। বিভিন্ন জনবিরল স্থানে তারা একাকী পথচারীদের আকস্মিকভাবে ঘিরে ধরে আশেপাশের কেউ কিছু বুঝে ওঠার আগেই অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক মানিব্যাগ, টাকা-পয়সা, স্বর্ণালংকার, মোবাইল হ্যান্ডসেট, ল্যাপটপ, সাথে বহন করা দ্রব্য সামগ্রীর ব্যাগ প্রভৃতি ডাকাতি করে দ্রুত পালিয়ে যেত। তারা আরো জানায় যে, ডাকাতি ও ছিনতাই ছাড়াও তারা মাদক সেবন, খুচরা মাদকের ব্যবসা, চাঁদাবাজি, ইভটিজিং, পাড়ায়-মহল্লায় মারামারি এবং স্থানীয় ভূমি দস্যুদের পক্ষে অপদখলীয় জমিতে গিয়ে পেশী শক্তির মহড়া প্রদর্শনসহ নানা অপকর্মের সাথে জড়িত রয়েছে। এলাকায় প্রভাব বিস্তারকল্পে দলবদ্ধ হয়ে প্রায়শঃই তারা সংঘাত সৃষ্টি ও ভয়ভীতি দেখিয়ে ত্রাসের পরিবেশ সৃষ্টি করে। এছাড়া নিজেদের গ্রুপের আধিপত্য বজায় রাখার জন্য অন্যান্য কিশোর গ্যাং এর সাথে মারামারিসহ নানা সশস্ত্র সংঘর্ষেও তারা জড়াতো বলে জানা যায়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানায় র্যাব।