আব্দুল্লাহ আল মামুন,বিশেষ প্রতিনিধি:

গতকাল (২৪ আগষ্ট) সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ধর্মীয় মূল্যবোধ ও অনুভুতিতে আঘাত করার অভিপ্রায়ে বিভিন্ন পোষ্ট শেয়ার করার অপরাধে মো. সালেক উদ্দিন শেখ (৩৮) নামে এক যুবককে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০।
র্যাব-১০ সূত্রে জানা যায় যে, সাইবার নজরদারি ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে সোমবার বিকাল সাড়ে ৫’টার দিকে ঢাকার কদমতলী থানাধীন রায়েরবাগ এলাকা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে সমাজ ও ধর্মীয় উস্কানীমূলক বিভিন্ন পোস্ট প্রচারকারী সক্রিয় সদস্য মো. সালেক উদ্দিনকে গ্রেফতার করে র্যাব-১০ এর আভিযানিক দল। এ সময় তার দখল থেকে ২ টি সিপিইউ, ২ টি মনিটর, ১ টি ওয়েভ ক্যামেরা ও ১ টি মোবাইল ফোন জব্দ করা হয়। পুরো প্রক্রিয়ার নেতৃত্বে ছিলেন উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান এবং এএসপি. মো. শহিদুল হক মুন্সি।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সালেক উদ্দিন ২ টি ফেইসবুক গ্রুপ পেজ ব্যবহার করে এমন জঘন্য কর্মকান্ড পরিচালনা করে আসছিল। এছাড়া সে ওই ফেসবুক পেজ ও গ্রুপের অ্যাডমিন/ মডারেটর ছিল। এ সমস্ত ফেইসবুক গ্রুপ ও পেজ হতে সে ধর্মীয় উস্কানীমূলক বিভিন্ন পোস্ট শেয়ার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতো বলে স্বীকার করে। সালেকউদ্দিন শেখ কুষ্টিয়া সদর থানাধীন হাাউজিং স্টেট, ১১৯ সি-ব্লকের মো. সাহাবউদ্দিন শেখের ছেলে। বর্তমানে সে ঢাকার কদমতলী থানাধীন রায়েরবাগে জনৈক কামাল উদ্দিনের বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিল। তার বিরুদ্ধে কদমতলী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
প্রাইভেট ডিটেকটিভ/২৬ আগষ্ট ২০২০/ইকবাল