রুহুল আমীন খন্দকার, ব্যুরো প্রধান :
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দুই রোগীর মৃত্যু হয়েছে। এছাড়া করোনার উপসর্গ নিয়ে আরও একজন মারা গেছেন। শনিবার (১৮ জুলাই) দিবাগত রাতে তাদের মৃত্যু হয়েছে।করোনায় মৃত্যু বরণকারী ০২ জন হলেন যথাক্রমে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার টিকারপাড়া গ্রামের কাজী আতাউর রহমান (৫৩), পাবনার ঈশ্বরদী উপজেলার রহিমপুর গ্রামের জোহরা খাতুন (৭০) এবং করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তির নাম আবদুস সাত্তর খান (৭৩)। তিনি বিদ্যুৎ বিভাগের অবসরপ্রাপ্ত প্রকৌশলী। তার বাড়ি গাজীপুর, তিনি ছেলের সঙ্গে রাজশাহী মহানগরীতে বসবাস করছিলেন।এ বিষয়ে রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, গত ৫ জুলাই আতাউর রহমানের করোনা পজিটিভ এসেছিল। তার শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার হাসপাতালে ভর্তি করা হয়। গত বৃহস্পতিবার হাসপাতালে ভর্তির পরের দিন শুক্রবার জোহরা খাতুনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়। আর আবদুস সাত্তার খানের নমুনা নেয়া হয় শনিবার। শুক্রবার রাতে তাকে হাসপতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু নমুনা পরীক্ষার আগেই তিনি মারা যান।ডা. সাইফুল ফেরদৌস আরো জানান, এই ০৩ জনই শনিবার রাতে মারা গিয়েছেন। মৃত্যুর পর বিষয়টি কোয়ান্টাম ফাউন্ডেশনকে অবহিত করা হয়। রোববার (১৯ জুলাই) ২০২০ ইং সকালে কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা স্বাস্থ্যবিধি মেনে নিজ নিজ গ্রামে নিয়ে গিয়ে মরদেহ গুলো দাফনের ব্যবস্থা করেছেন।এ ব্যাপারে রাজশাহী সিভিল সার্জন ডা. এনামুল হক রোববার সকালে এক প্রতিবেদনে জানায়, শনিবার রাত পর্যন্ত রাজশাহীতে করোনা আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১০৮ জনে। এর মধ্যে ১ হাজার ৬৬৬ জনই সিটি করপোরেশন এলাকার। এছাড়াও জেলার বাঘা উপজেলায় ৪৭ জন, চারঘাটে ৩৮ জন, পুঠিয়ায় ২৫ জন, দুর্গাপুরে ২৭ জন, বাগমারায় ৪৬জন, মোহনপুরে ৬৩জন, তানোরে ৫৯জন, পবায় ১০৬ জন এবং গোদাগাড়ীতে ৩১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।অপরদিকে, রাজশাহীতে এ পর্যন্ত করোনায় ১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মহানগরীতে ৮ জন। এছাড়াও আক্রান্তদের মধ্যে ইতোমধ্যে সুস্থ হয়েছেন ৭২১ জন। এর মধ্যে মহানগরীতে ৫৪৬ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন এক হাজার ৩৭১ জন। এর মধ্যে হাসপাতাল ১১ জন রয়েছেন আইসোলেশনে।
প্রাইভেট ডিটেকটিভ/২০ জুলাই ২০২০/ইকবাল