মো: বিল্টু মিয়া, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:
মানিকগঞ্জের শিবালয় উপজেলার বিভিন্ন বাজারে নিষেধাজ্ঞা অমান্য করে কাপড়ের ও মিষ্টির দোকান খোলা রাখায় জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।এ সময় ৬ কাপড় ব্যবসায়ীকে ২৬ হাজার টাকা এবং এক মিষ্টির দোকানদারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।গতকাল ১৪ মে ২০২০ ইং তারিখ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত শিবালয় উপজেলার আরিচা বাজার, উথলী বাজার ও টেপড়া বাজারে অভিযান চালিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জাকির হোসেন এসব জরিমানা করেন।এদিকে বিনা প্রয়োজনে ঘরের বাইরে বের হওয়ায় এবং প্রাইভেট কার রাস্তায় বের করার অপরাধে চারজনকে ২ হাজার টাকা জরিমানা করেন তিনি।সহকারী কমিশনার (ভুমি) জাকির হোসেন জানান, করোনার বিস্তার ঠেকাতে এবং সামাজিক দূরত্ব নিশ্চিতে প্রশাসন কঠোর অবস্থানে আছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান, কাঁচাবাজার এবং ওষুধের দোকান ছাড়া অন্য কোনো শপিংমল কিংবা কাপড়ের দোকান খোলা পেলেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
প্রাইভেট ডিটেকটিভ/১৫ মে ২০২০/ইকবাল