কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) থেকেঃ

করোনা সন্দেহে ঢাকা ফেরত এক মৃতের দাফন করলো ফরিদপুরের বোয়ালমারী উপজেলা প্রশাসন। মৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছিলেন।জানা যায়, বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের হাবিবুর রহমান হানিফের (৪২) ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালে লিভার ও ডায়াবেটিক্সসহ নানা রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ১৪ মে বুধবার রাত সাড়ে তিনটায় মৃত্যুবরণ করেন। সে ঢাকার মহাখালীতে নিরাপত্তা কর্মী হিসেবে কর্মরত ছিল। বৃহস্পতিবার তার মৃতদেহ নিজবাড়ি দুর্গাপুর গ্রামে পৌঁছালে উপজেলা প্রশাসন অতিরিক্ত সতর্কতার জন্য ইসলামি ফাউন্ডেশন ও আলেমদের নিয়ে গঠিত করোনায় মৃত রোগীর দাফন কাজ সমাধায় গঠিত কমিটির লোক নিয়ে তার দাফন সম্পন্ন করেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ জানান, মৃত ব্যক্তি ভিন্ন রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেও করোনাবাহী কারো সংস্পর্শে আসতে পারে এই সন্দেহে বাড়তি সতর্কতার জন্য উপজেলা প্রশাসন তার দাফনের সমস্ত ব্যবস্থা করেছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালিদুর রহমান জানান, তার সংস্পর্শে আসা পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে। পরিবারের দাবি মৃত হানিফের কোনো করোনা উপসর্গ ছিল না।
প্রাইভেট ডিটেকটিভ/১৫ মে ২০২০/ইকবাল