আফিজ ইকবাল,টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় রেণু বেগম (৫৫) নামে প্রথম এক নারী করোনা রোগীর মৃত্যু হয়েছে।এ নিয়ে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।গত ২৯ এপ্রিল ২০২০ ইং তারিখ বুধবার রাত ১টার দিকে ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয় বলে জানা গেছে।পরিবারের সদস্যরা তার মৃতদেহ গ্রহণ না করায় আর মারকাজুল নামের একটি সংগঠন তাকে দাফন করবে বলে মির্জাপুর থানা পুলিশ ও ভাওড়া ইউপি চেয়ারম্যান মো. আমজাদ হোসেন জানিয়েছেন।নিহত নারী উপজেলার উয়ার্শী ইউনিয়নের নবগ্রাম গ্রামের মৃত এমারত হোসেনের স্ত্রী।তার এক ছেলে ও এক পালিত মেয়ে রয়েছে।স্বামী মারা যাওয়ার পর পালিত মেয়েকে নিয়ে ভাওড়া ইউনিয়নের কামারপাড়া গ্রামে বাবার বাড়িতে থাকতেন।তার একমাত্র ছেলে দেলোয়ার হোসেন সেনাবাহিনীতে কর্মরত।তিনি বর্তমানে মিশনে রয়েছেন বলে ইউপি চেয়ারম্যান জানান।উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম জানান, গত ২৬ এপ্রিল ছয়জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়।এদের মধ্যে দুজনের করোনা পজিটিভ ও চারজনের নেগেটিভ আসে।উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল মালেক জানান, গত ২৮ এপ্রিল ২০২০ ইং তারিখ মঙ্গলবার সকালে তাদের নিজ বাড়ি থেকে উদ্ধার করে যুবককে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ এবং ওই নারীকে ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়।ওই দুই বাড়িসহ আশপাশের ১১০ বাড়ি লকডাউন করা হয়েছে।
প্রাইভেট ডিটেকটিভ/১ মে ২০২০/ইকবাল