শাহ এ এস তানভীর আলম,বিশেষ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নে সরকারি ১০ টাকা মূল্যের ৩’শ ৫৭ কেজি চালসহ আলাউদ্দিন নামে এক ডিলারকে আটক করা হয়েছে।এসময় সরকারি চাউল ঘরে রাখার দায়ে লিলি বেগম ও দুলালী বেগম নামে দুই নারীকেও আটক করা হয়।
ঘটনাস্থলে গিয়ে জানা যায়, গত ১৯ এপ্রিল ২০২০ ইং তারিখ রোববার রাত ৮ টার দিকে উপজেলার কৈজুরী ইউনিয়নের গোপালপুর গ্রামের বক্কার মোল্লার বাড়ীতে সরকারি ১০ টাকা মূল্যের ৩’শ ৫৭ কেজি চাল এলাকাবাসী আটক করে প্রশাসনকে খবর দেয়।পরে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে এ চাল উদ্ধার করে।শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা ও সহকারি কমিশনার (ভূমি) শাহজাদপুর মোঃ মাসুদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।বক্কার মোল্লা জানান, উদ্ধারকৃত চাউল ডিলার আলাউদ্দিন গত ১৯ এপ্রিল ২০২০ ইং তারিখ রোববার দুপুরে তার অবর্তমানে জোরপূর্বক রেখে গেছে।পরে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে ডিলার আলাউদ্দিনসহ বক্কার মোল্লার মেয়ে ও পুত্রবধু লিলি বেগম ও দুলালী বেগমকে আটক করে শাহজাদপুর থানায় নিয়ে আসা হয়।
এ ব্যাপারে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা ও থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান জানান, ডিলার আলাউদ্দিনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের হয়েছে। তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
প্রাইভেট ডিটেকটিভ/৩০ এপ্রিল ২০২০/ইকবাল