আনু আনোয়ার,পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীর কুয়াকাটায় একটি জামে মসজিদে জুমার নামাজে ইমাম নিয়ে আপত্তি তুলে হামলার ঘটনা ঘটেছে। এসময় মসজিদের মিম্বর থেকে ইমামকে নামিয়ে দেওয়া নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে ইমাম হাফেজ আঃ সালামকে লোহার রড দিয়ে পায়ে আঘাত করা হয়। বর্তমানে তিনি কলাপাড়া হাসপাতালে ভর্তি হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কুয়াকাটা পৌরসভার পাশ ঘেষে লতাচাপলী ইউনিয়নের বড়হরপাড়া সুফিসাব হুজুরের বাড়ি জামে মসজিদে গত কয়েক মাস ধরে ইমামের পেছনে নামাজ পড়া নিয়ে বিবাদ চলছিল। ১৭ এপ্রিল (শুক্রবার) জুমা’র নামাজে ইমামের নির্দেশে তার ছেলে মাওঃ মিজানুর রহমান ইমামতি করতে মিম্বরে ওঠেন। এসময় স্থানীয় মুসুল্লী আলতাফ ফকির তাকে মিম্বর থেকে নামিয়ে দিতে চেষ্টা করায় ইমাম হাফেজ আঃ সালাম প্রতিবাদ করেন। এ ঘটনায় অন্যান্য মুসুল্লীরাও আলতাফ ফকিরের সাথে একজোট হয়ে হাফেজ সালামকে মারধর করেন। এ ব্যাপারে মহিপুর থানার ওসি মোঃ মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছে। হাতাহাতির খবর পেয়েছি। এখনও কোন পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। বিষয়টি খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রাইভেট ডিটেকটিভ/১৭ এপ্রিল ২০২০/ইকবাল