আব্দুল্লাহ আল মামুন, বিশেষ প্রতিনিধি:

গতকাল বুধবার রাজধানীর তেজগাঁও থানা এলাকা থেকে মাধব চন্দ্র দাস (২৪) নামে জাল সার্টিফিকেট প্রস্তুতকারী চক্রের এক সদস্যকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০।
র্যাব-১০ এর অধিনায়ক এ্যাডিশনাল ডিআইজি মো. কাইয়ুমুজ্জামান খানের বরাত দিয়ে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় য়ে, গতকাল ২৬ ফেব্রুয়ারী বুধবার দুপুরে র্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান পিএসসি. এর নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল রাজধানীর তেজগাঁও থানাধীন পশ্চিম নাখালপাড়া এলাকায় অভিযান চালিয়ে জাল সার্টিফিকেট প্রস্তুতকারী চক্রের সদস্য মাধব চন্দ্র দাসকে আটক করা হয়। এ সময় তার দখল থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২ টি জাল সনদপত্র, জাল সনদ তৈরির কাজে ব্যবহৃত ৫০ টি প্রিন্টিং পেপার, ২ টি মনিটর, ২ টি সিপিইউ, ২ টি মাউস, ২ টি কী-বোর্ড, ১ টি প্রিন্টার ও ১ টি স্ক্যানার মেশিন জব্দ করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, মাধব চন্দ্র দাস দীর্ঘদিন যাবত বিভিন্ন শিক্ষাবোর্ডের এসএসসি, এইচএসসি, দাখিল, আলিম এবং জাতীয় বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনার্স ও মাস্টার্সের জাল সার্টিফিকেট তৈরী করে আসছিল। সে টাকার বিনিময়ে বিভিন্ন জাল সনদপত্র, জাল ভোটার আইডি কার্ড, জাল প্রশাংসাপত্রসহ বিভিন্ন ধরনের জাল দলিল ও সনদপত্রাদি তৈরী করে ব্যবসার আড়ালে জালিয়াতি কর্মকান্ড চালিয়ে আসছিল।
আটক মাধব চন্দ্র দাস তেজগাঁও থানাধীন শাহীনবাগ এলাকার কৃষ্ণ পদ দাসের ছেলে বলে জানা যায়। তার বিরুদ্ধে ডিএমপি ঢাকার তেজগাঁও থানায় নিয়মিত মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে সূত্র জানায়।
প্রাইভেট ডিটেকটিভ/২৭ ফেব্রুয়ারী ২০২০/ইকবাল