নারায়ণগঞ্জে অন্তঃসত্ত্বা গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী আটক
ডিটেকটিভ নিউজ ডেস্ক

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ‘নিখোঁজের’ একদিন পর অন্তঃসত্ত্বা গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে; এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামীকে আটক করেছে পুলিশ। সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম জানান, গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় সিদ্ধিরগঞ্জের জালকুড়ি পশ্চিমপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আসমা আক্তার বরিশালের বাকেরগঞ্জের সারোয়ার মিয়ার স্ত্রী এবং নাটোরের কাঁঠালবাড়ি এলাকার নাসির উদ্দিনের মেয়ে বলে পুলিশ জানিয়েছে। পরিদর্শক নজরুল প্রাথমিক তদন্তের বরাতে বলেন, গত শুক্রবার সকালে স্বামী টাইলস মিস্ত্রি সারোয়ার কাজে গেলে ছয় মাসের অন্তঃসত্ত্বা আসমা হাঁটতে বের হন। রাতে বাড়ি ফিরে সারোয়ার আসমাকে বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজি করেন। গতকাল শনিবার সকালে জালকুড়ি পশ্চিমপাড়া এলাকায় একটি সড়কের গলির মুখে তার লাশ পড়ে থাকতে দেখে এলাকার লোকজন পুলিশে খবর দেয়। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। এ ঘটনায় স্বামী সারোয়ারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে তিনি জানান। লাশ ময়নাতদন্তের নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।