পুরান ঢাকায় ছিনতাইয়ের ১৩ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ৪
ডিটেকটিভ নিউজ ডেস্ক

রাজধানীর পুরান ঢাকা থেকে অর্ধকোটি টাকা ছিনতাইয়ের দুই সপ্তাহ পর তাতে জড়িত অভিযোগে চারজনকে গ্রেপ্তারের পাশাপাশি ১৩ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তারা হলেন- মাসুদ গাজী, মো. ইদ্রিস, মো.আসাদ ও ফারুক আহম্মেদ। গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর মিন্টো রোডের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তাদের গ্রেপ্তারের কথা জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম-কমিশনার আবদুল বাতেন।
তিনি বলেন, গত বছরের ১৪ ডিসেম্বর কোতয়ালি থানার রায় সাহেব বাজার মোড়ে স্বর্ণ ব্যবসায়ী আমিনুল হকের ৫১ লাখ ৬৭ হাজার টাকা হামলা করে ছিনিয়ে নেয় ১০ থেকে ১১ জনের একটি ছিনতাইকারী চক্র। পরে গোয়েন্দা পুলিশ অনুসন্ধান চালিয়ে সোমরাত রাতে মাসুদকে দুই লাখ টাকাসহ পুরান ঢাকা থেকে গ্রেপ্তার করে। মাসুদকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যে, বাকি তিনজনকে আরো ১১ লাখ টাকাসহ গ্রেপ্তার করা হয় বলে জানান পুলিশ কর্মকর্তা বাতেন।
তিনি বলেন, ছিনতাই হওয়া বাকি টাকা উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। গ্রেপ্তাররা আগেও ভুয়া ডিবি পুলিশ হিসেবে গ্রেপ্তার হয়েছিল।