গাজীপুরে লক্ষ্মী মন্দিরে প্রতিমা ভাংচুর
ডিটেকটিভ নিউজ ডেস্ক

গাজীপুরে শ্রীপুরে একটি মন্দিরে লক্ষ্মী প্রতিমা ভাংচুর করেছে অজ্ঞাত হামলাকারীরা। উপজেলার রাজাবাড়ী গ্রামের শ্রী শ্রী লক্ষ্মী মন্দিরে গত সোমবার রাতের কোনো একসময় এ ঘটনা ঘটে বলে শ্রীপুর থানার ওসি আসাদুজ্জামান জানান। মন্দিরের সভাপতি অরুণ চন্দ্র দাস বলেন, গতকাল মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে মন্দিরের সামনে কিছু আসবাবপত্র এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখে তিনি মন্দিরের দিকে এগিয়ে যান। এ সময় মন্দিরের প্রধান দরজা খোলা দেখে ভেতরে ঢুকে লক্ষ্মী প্রতিমার মাথা ভাঙা অবস্থায় পড়ে থাকতে দেখেন বলে জানান তিনি। তবে কারা প্রতিমা ভাংচুর করেছে এ বিষয়ে তিনি নিশ্চিত করে কিছু বলতে পারেননি অরুণ। রাজাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন জানান, ঘটনাটি তিনি ভোরে শুনেছেন। মন্দিরে স্থানীয় ওয়ার্ড মেম্বার ও একজন চৌকিদার ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তারা পরিদর্শন করে এলে বিস্তারিত বলা যাবে। ওসি আসাদুজ্জামান বলেন, সকালে প্রতিমার ভাঙচুরের খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনাগত ব্যবস্থা গ্রহণ করা হবে।