ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

নেপাল থেকে আসা শতাধিক বুনো হাতির একটি দলকে জঙ্গলে ফেরাতে অভিযানে নেমেছে ভারতের বন দপ্তর। গত বুধবার থেকে শুরু হয়েছে ‘অপারেশন কুনকি’। আটটি কুনকি হাতি দিয়ে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির ডুয়ার্স অঞ্চলে ধূপগুঁড়ি থানার গধেয়ারকুঠি ও গাড়িয়ালটারি এলাকায় এই অভিযান শুরু হয়েছে।
চলতি মাসের শুরুতে নেপাল থেকে প্রায় ১৫০টি বুনো হাতির একটি দল ঢুকে পড়ে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির ডুয়ার্স অঞ্চলের ধূপগুঁড়ি থানার গধেয়ার কুঠি ও গাড়িয়ালটারি এলাকায়। ‘অপারেশন কুনকি’র আওতায় আটটি কুনকি হাতি আনা হয়েছে। এসব কুনকি হাতি দিয়ে শুরু হয়েছে দেড় শ বন্য হাতি তাড়ানো অভিযান।
বন দপ্তর সূত্রে বলা হয়েছে, ১ ডিসেম্বর থেকে ডুয়ার্সের গধেয়াকুঠি এবং গাড়িয়ালটারি এলাকায় প্রায় দেড় শ হাতির একটি দল হঠাৎ ঢুকে পড়ে। তারপর এলাকায় শুরু করে তা-ব।
পার্শ্ববর্তী জলঢাকা নদীর চর এলাকার বেশ কিছু বাসিন্দার ঘরবাড়ি ভাঙচুর করে। নষ্ট করে জমির ফসল। এরপর গ্রামবাসী খবর দেয় বন দপ্তরকে। পরবর্তী সময়ে বন দপ্তর এই হাতির পালকে তাড়িয়ে দেওয়ার জন্য গত বুধবার থেকে শুরু করেছে ‘অপারেশন কুনকি’।
বন দপ্তর বলেছে, খাবারের সন্ধানেই হাতির এই দল ডুয়ার্সে ঢুকেছিল। দলের হাতিগুলোর মধ্যে শাবকও রয়েছে।