মোঃ আব্দুল মোমিন সরকার,রায়গঞ্জ-তাড়াশ(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশে কেন্দ্রীয় ঈদগাহ্ মাঠ রক্ষার্থে বিক্ষোভ করেছেন এলাকার হাজারো মুসল্লী। গত ১৪ জুন ২০১৯ ইং তারিখ শুক্রবার জুমা নামাজ শেষে নির্মানাধীন উপজেলা ভূমি অফিসের সামনে ওই ভবনের পশ্চিম পাশের একটি প্রাচীর নির্মান বন্ধের দাবিতে তারা এ বিক্ষোভ করেন।এ সময় বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য গাজী ম ম আমজাদ হোসেন মিলন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আকবর আলী মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক এস আলম প্রমূখ।বক্তারা ইউএনও’র বিরুদ্ধে অভিযোগ করে বলেন, তাড়াশ পৌর শহরের কেন্দ্রীয় ঈদগাহ্ মাঠটি শুধু ঈদের নামাজের জন্যই নয়, মৃত ব্যক্তির যানাজার নামাজেরও একমাত্র স্থান। একই সাথে তাড়াশ মার্কাজ মসজিদে যাতায়াতের অন্যতম প্রধান রাস্তা। নামাজের জন্য প্রতি ওয়াক্তে শ’ শ’ মুসল্লী ঈদগাহ্ মাঠের মধ্যেকার ওই রাস্তা দিয়েই যাতাযাত করেন। প্রাচীরটি নির্মান হলে মুসল্লীদের ভোগান্তীর শেষ থাকবেনা। সংশ্লিষ্ট স্থানীয় নেতৃবৃন্দের সাথে সমন্বয় না করেই তিনি ঈদগাহ মাঠ ও মুসল্লীদের যাতায়াতের রাস্তা নষ্ট করে জোরপূর্বক প্রাচীর তৈরি করছেন। শেষ পর্যন্ত মুসল্লীদের বিক্ষোভের মুখে নির্মান কাজে ব্যবহৃত খনন যন্ত্রটি সরিয়ে নিতে বাধ্য হয় ঠিকাদারী প্রতিষ্ঠান।ইউএনও ইফ্ফাত জাহান বলেন, বিষয়টি জেলা প্রশাসকের।এ প্রসঙ্গে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কামরুন্নাহার সিদ্দিকা জানান, বিস্তারিত জেনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে।
প্রাইভেট ডিটেকটিভ/১৬ জুন ২০১৯/ইকবাল