রংপুরে হিন্দু বাড়িতে হামলা: জামিন হয়নি সেই টিটু রায়ের
ডিটেকটিভ নিউজ ডেস্ক

রংপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘ধর্মীয় অবমাননাকর’ ছবিযুক্ত স্ট্যাটাস দেয়ার অভিযোগ গ্রেফতার টিটু রায়ের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক আরিফুল ইসলাম তার জামিন নামঞ্জুর করেন। আগামি ১০ ডিসেম্বর মামলার পরবর্তী দিন ধার্য করেন ওই বিচারক। জামিন আবেদন নামঞ্জুরের বিষয়টি নিশ্চিত করে আসামি পক্ষের আইনজীবী ইন্দ্রজিত সরকার। তিনি বলেন, টিটু রায়ের জামিনের জন্য প্রয়োজনে উচ্চ আদালতে আপিল করা হবে। প্রসঙ্গত, ফেসবুকে ধর্ম অবমাননাকর স্ট্যাটাস দেয়ার অভিযোগের দায়ের করা মামলায় গত ১৪ নভেম্বর টিটুকে নীলফামারীর জলঢাকা উপজেলার গোলনা চিড়াভিজা এলাকা থেকে পুলিশ গ্রেফতার করে। এরপর চার দিন করে দু’দফায় রিমান্ডে নেয়া হয়। উল্লেখ্য, টিটু রায়ের ফেসবুকের আইডি হতে ধর্মীয় অবমাননার স্ট্যাটাস দেয়া হয়েছে এমন অভিযোগে গত ১০ নভেম্বর জুম্মার নাামাজের পর রংপুরের গঙ্গাচড়া উপজেলার হরকলি ঠাকুরপাড়া গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে অগ্নিসংযোগ ও হামলার ঘটনা ঘটে। সেখানে আট হিন্দু পরিবারের বাড়িঘর আগুন দিয়ে জ¦ালিয়ে দেয় হামলাকারীরা। এ সময় পুলিশ ও হামলাকারীদের মধ্যে সংঘর্ষে নিহত হয় একজন ও পুলিশসহ আহত হয় অন্তত ২০ জন। এ ঘটনায় পুলিশের দায়ের করা দু’টি মামলায় এখন দুই শতাধিকের বেশি আসামীকে আটক করা হয়েছে। এদের অধিকাংশই জামায়াত-শিবিরের রাজনীতির সাথে জড়িত বলে জানা গেছে।