শেখ জামালের কষ্টের জয়
ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
ব্রাদার্স ইউনিয়নকে হারাতে ঘাম ছুটে গেছে শেখ জামাল ধানম-ি ক্লাবের। শাখাওয়াত হোসেন রনির একমাত্র গোলে চলতি প্রিমিয়ার লিগে টানা তৃতীয় জয় পেয়েছে দলটি।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার ১-০ গোলে জেতা শেখ জামাল ছয় ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট পেয়েছে।
ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় লিগের ২০১৫ সালের চ্যাম্পিয়ন শেখ জামাল। আর্জেন্টাইন ফরোয়ার্ড লুসিয়ানো এমানুয়েল পেরেসের শট বিপ্লব ভট্টাচার্য্য ফিস্ট করার পর ফিরতি শটে জাল খুঁজে নেন রনি।
দশ মিনিট পর প্রায় ৩০ গজ দূর থেকে রনির নেওয়া শট ফিস্ট করে ব্যবধান দ্বিগুণ হতে দেননি বিপ্লব। প্রথমার্ধের শেষ দিকে সলোমন কিংয়ের কর্নারে দেভিদ ব্রুসের হেড ফিস্ট করে আবারও শেখ জামালকে হতাশ করেন গোলরক্ষক।
দ্বিতীয়ার্ধে দুই দলের আক্রমণে ছিল না তেমন ধার। ৭৫তম মিনিটে গাম্বিয়ার ফরোয়ার্ড কিংয়ের শট বাইরের জাল কাঁপালে ব্যবধান দ্বিগুণের আরেকটি ভালো সুযোগ নষ্ট হয় শেখ জামালের।
পাঁচ ম্যাচে এটি ব্রাদার্সের টানা তৃতীয় ও সব মিলিয়ে চতুর্থ হার।
মঙ্গলবার অন্য ম্যাচে ময়মনসিংহের শহীদ রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে নাবীব নেওয়াজ জীবনের জোড়া গোলে আরামবাগ ক্রীড়া সংঘকে ২-১ ব্যবধানে হারায় আবাহনী লিমিটেড। ছয় ম্যাচে পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিগের বর্তমান চ্যাম্পিয়নরা।