মৌলভীবাজারে প্যারা লিগ্যাল অফিসের কর্মীকে গণধর্ষণ অজ্ঞাত ৩ জনকে আসামি করে মামলা
মশাহিদ আহমদ, মৌলভীবাজার

মৌলভীবাজারে প্যারা লিগ্যাল অফিসের অফিস সহায়ক (২২) যুবতী কর্মস্থল থেকে অটোরিক্সায় বাড়ি ফেরার পথে গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় রাজনগর থানায় অজ্ঞাত ৩ জনকে আসামি করে মামলা (নং- ২১, তারিখ ঃ ২১/১১/২০১৭ইং) দায়ের করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত অজ্ঞাত ৩ ধর্ষণকারীকে চিহ্নিত কিংবা আটক করতে পারেনি রাজনগর থানার পুলিশ। ঘঠনাটি ঘটেছে গত ২০ নভেম্বর সোমবার রাতে রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নের বকশিকোনা এলাকার খালি জায়গায় ধানী জমিতে । আজ ২৩ নভেম্বর এ রির্পোট লেখা পর্যন্ত পুলিশী পাহারায় গণধর্ষণের শিকার ঐ কর্মী আহত অবস্থায় মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে (রেজিনং-৭৫৯০২) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। একটি সূত্রে জানা গেছে, স্থানীয় ভাবে বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য একটি প্রভাবশালী মহল কাজ করছে।
গতকাল সন্ধায় এ প্রতিবেদক সদর হাসপাতালে গেলে এমন সত্যতার আভাস পাওয়া যায়। দেখা গেছে, পুলিশের বাহিরে আহত যুবতীর চারপাশ ঘিরে রেখেছে ১০/১২ জনের একটি টিম। সাংবাদিকরা যেন কোন তথ্য না পান সে জন্য হাসপাতালের আশ-পাশে রাখা হয়েছে একটি টিম। সেখানে আবার কেউ উকিল ও আদালতের লোকজন পরিচয়ে। কেউ কতা বলতে চাইলে দেওয়া হয়, জেলা প্রশাসক, পুলিশ সুপরসহ উর্ধতন কর্তপক্ষের দোহাই।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়- রাজনগর উপজেলার মালিকোনা গ্রামের প্যারা লিগ্যাল অফিসের অফিস সহায়ক (এমএলএস) (২২) মৌলভীবাজারে নিজের কর্মস্থল থেকে সন্ধা ছয়টার দিকে শহরের চাঁদনীঘাট ব্রিজের ওপর থেকে একটি সিএনজি অটোরিকশায় থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় চালকের পাশে দুইজন ও পিছনে অজ্ঞাত এক যাত্রী ছিল। মৌলভীবাজার-কুলাউড়া সড়কের কদমহাটা বাজারে যুবতী নামতে চাইলে অটোরিকশাটির সামনে থাকা এক যুবক পিছনে এসে যুবতীর মুখ চেপে ধরে এবং চালক অটোরিকশাটি চালিয়ে মহলালবাজারের দিকে নিয়ে এসে ডানে মোড় নিয়ে বকসিকোনা গ্রামের খালি জায়গায় ধানী জমিতে নিয়ে গিয়ে ঐ তিন যুবক পালাক্রমে ধর্ষণ করে এবং মহলাল এলাকায় নিয়ে ছেড়ে দেয়। অজ্ঞাত ৩ ধর্ষণকারীকে ওই যুবতী চিনতে পারেননি। ঘঠনার সংবাদ পেয়ে মৌলভীবজারের পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, অতিরিক্ত পুলিশ সুপার আনওয়ার হোসেনসহ পুলিশের উর্ধতন কর্মকর্তা ও রাজনগর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন ও যুবতীর বক্তব্য শোনেন। রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল বণিক বলেন-এ ঘটনায় রাজনগর থানায় অজ্ঞাত ৩জনকে আসামি করে মামলা (নং- ২১, তারিখ ঃ ২১/১১/২০১৭ইং) দায়ের করা হয়েছে। পুলিশ ঘঠনাস্থল পরিদর্শন করেছে এবং আসামিদের চিহ্নিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাছাড়া, বিষয়টি লিগ্যাল এইড অফিস ডিল করছে।