শেখ জামালকে হারাল মুক্তিযোদ্ধা
ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
হার দিয়ে প্রিমিয়ার লিগ শুরু করা মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে। বালো ফামুসার হ্যাটট্রিকে শেখ জামাল ধানমÐি ক্লাবকে হারিয়েছে তারা। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে গতকাল বুধবার ৩-০ গোলে জিতে মুক্তিযোদ্ধা। চট্টগ্রাম আবাহনীর কাছে ১-০ গোলে হেরে লিগ শুরু করেছিল দলটি। টানা দ্বিতীয় হারের স্বাদ পেলো লিগের ২০১৫ সালের চ্যাম্পিয়ন শেখ জামাল। বসুন্ধরা কিংসের কাছে নিজেদের প্রথম ম্যাচে ১-০ গোলে হেরেছিল তারা। প্রথমার্ধের শেষ দিকে দলকে এগিয়ে নেওয়ার পর ৬৭তম মিনিটে একক প্রচেষ্টায় ডান দিক দিয়ে আক্রমণে ওঠা ফামোসা কাছের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করে ব্যবধান দ্বিগুণ করেন। ৮৯তম মিনিটে সতীর্থের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে দারুণ শটে ব্যবধান হ্যাটট্রিক পূরণ করেন কোত দি ভোয়ার এই ফরোয়ার্ড। গতকাল বুধবার অন্য ম্যাচে নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে লিগের বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেডকে ৩-০ গোলে উড়িয়ে দেয় নবাগত বসুন্ধরা কিংস।