হার্দিক-রাহুলের ভাগ্য নির্ধারণ আজ
ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
ভারতের দুই ক্রিকেটার হার্দিক পান্ডে ও লোকেশ রাহুল মাঠে নামতে পারছেন কি না সে বিষয়ে সিদ্ধান্ত হবে আজ বৃহস্পতিবার। এর মধ্যেই দুই ক্রিকেটার ফোনে কথা বলেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সিইও রাহুল জোহরির সঙ্গে। কফি উইথ করণ শো-তে নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেন হার্দিক পান্ডে ও রাহুল। এর জেরে সামায়িকভাবে নিষেধাজ্ঞার মধ্যে রয়েছেন তারা। বোর্ডের কারণ দর্শানোর নোটিশের জবাবে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন তারা। এরপরও অস্ট্রেলিয়া সফরের মাঝপথ থেকে দেশে ফেরত পাঠানো হয়েছে দুই ক্রিকেটারকে। গত মঙ্গলবার বোর্ডের সিইও রাহুল জোহরির কাছে নিজেদের বক্তব্য পেশ করেন পান্ডে ও রাহুল। সামনাসামনি বসে কোনও কথা হয়নি। জানা গেছে ফোনেই কথা হয়েছে তাদের মধ্যে।
বোর্ডের এক কর্মকর্তা স্থানীয় গণমাধ্যমকে জানান, ‘তদন্তের ব্যাপারে প্রাথমিক কথাবার্তা হয়েছে। এটা রুটিন মাফিক কাজ। এবার সিওএ-র কাছে রিপোর্ট জমা দেবেন বোর্ড সিইও রাহুল জোহরি।’ তবে দুই ক্রিকেটারের ভবিষ্যৎ জানা যেতে পারে আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে শুনানির পর। আজ শুনানির পরই স্পষ্ট হতে পারে কবে মাঠে নামতে পারবেন কেএল রাহুল এবং হার্দিক পান্ডে।