কামিন্স অপেক্ষায় রাখলেন ভারতকে
ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
ব্যাট কিভাবে করতে হয়, ব্যাটসম্যানদের শেখালেন বোলার প্যাট কামিন্স! অস্ট্রেলিয়ার স্বীকৃত ব্যাটসম্যানরা যেখানে আরেকবার মুখ থুবড়ে পড়েছে ভারতীয় বোলারদের সামনে, সেখানে পুরদস্তুর ব্যাটসম্যানের ভূমিকায় দাঁড়িয়ে গেলেন কামিন্স। তার হার না মানা হাফসেঞ্চুরিতে মেলবোর্ন টেস্ট জিততে অপেক্ষায় থাকতে হলো ভারতকে।
৮ উইকেটে ১০৬ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ভারত। তাতে ৩৯৯ রানের লক্ষ্যে খেলতে নেমে টপ অর্ডারের ব্যর্থতার পর চার দিনেই হার দেখতে শুরু করেছিল অস্ট্রেলিয়া। তবে সেটা হতে দেননি কামিন্সের। তার হার না মানা ৬১ রানে ভর করে স্বাগতিকরা দিন শেষ করেছে ৮ উইকেটে ২৫৮ রান। শেষ দিনে জিততে ভারতের দরকার ২ উইকেট, অন্যদিকে অস্ট্রেলিয়াকে করতে হবে ১৪১ রান। অলৌকিক কিছু না ঘটলে মেলবোর্ন টেস্ট জয়টা ভারতের সময়ের অপেক্ষা।
ব্যাট হাতে প্রতিরোধ গড়ার আগে বোলিংয়ে আগুন ঝরিয়েছেন কামিন্স। দ্বিতীয় ইনিংসে ভারতের হারানো ৮ উইকেটের ৬টিই তার। ৫ উইকেটে ৫৪ রান নিয়ে চতুর্থ দিন শুরু করা সফরকারীরা ঋষভ পন্থর (৩৩) আউটের পর ঘোষণা করে দ্বিতীয় ইনিংস। কামিন্সের ৬ উইকেটের সঙ্গে বাকি দুটি উইকেট নিয়েছেন জশ হ্যাজেলউড।
৩৯৯ রানের লক্ষ্যে খেলতে নেমে আরেকবার ব্যর্থ অস্ট্রেলিয়ান ওপেনিং জুটি। ৩ রান করে অ্যারন ফিঞ্চের আউটের পর ১৩ করে ফিরে যান মার্কাস হ্যারিস। উসমান খাজা ও শন মার্শ প্রতিরোধ গড়লেও বেশিদূর যেতে পারেননি। ৩৩ রান করা খাজার আউটে ভাঙে তাদের ৩০ রানের জুটি। পরে ট্রেভিস হেডকে নিয়ে ৫১ রানের জুটি গড়ে আউট হয়ে যান শন মার্শ। বাঁহাতি ব্যাটসম্যান করেন ৪৪ রান।
ব্যর্থ হয়েছেন মিচেল মার্শ। ১০ রান করে ফিরে যান তিনি প্যাভিলিয়নে। ট্রেভিস হেড আশা জাগালেও তার ইনিংস থামে ৩৪ রানে। এরপর অধিনায়ক টিম পেইন ২৬ রান করে আউট হলে চতুর্থ দিনেই মেলবোর্ন টেস্ট জয়ের সুবাস পায় ভারত।
যদিও তাদের সেই স্বপ্ন পূরণ হয়নি কামিন্স ব্যাটসম্যান হয়ে ওঠায়। চমৎকার সব শটে তিনি পূরণ করেন টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় হাফসেঞ্চুরি। শেষ পর্যন্ত তাকে আউটই করতে পারেননি ভারতীয় বোলাররা। আগের সর্বোচ্চ (৫০) ব্যক্তিগত সংগ্রহকে টপকে কামিন্স অপরাজিত ৬১ রানে। তাকে যোগ্য সঙ্গ দিয়ে গেছেন ৩৮ বলে ৬ রানে অপরাজিত থাকা নাথান লিওন।
ভারতের সবচেয়ে সফল বোলার রবীন্দ্র জাদেজা। ৮২ রান নিয়ে এই স্পিনারের শিকার ৩ উইকেট। দুটি করে উইকেট পেয়েছেন জসপ্রিৎ বুমরাহ ও মোহাম্মদ সামি। ক্রিকইনফো