রুহুল আমীন খন্দকার, ব্যুরো প্রধান :
দেশে চলমান করোনা পরিস্থিতিতে বিধিনিষেধ অমান্য করে খুলে রাখা দোকানের ছবি তোলায় লাঞ্ছনার শিকার হয়েছেন রাজশাহীর তিন ফটো সাংবাদিক। বৃহস্পতিবার (০৭ মে) দুপুর ১২টার দিকে রাজশাহীর মহানগরীর সাহেববাজার এলাকায় এ অনাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে।লাঞ্ছনার শিকার তিন ফটো সাংবাদিক হলেন যথাক্রমে, দৈনিক প্রথম আলোর শহীদুল ইসলাম দুখু, দৈনিক যুগান্তরের আজম খান এবং স্থানীয় দৈনিক রাজশাহী সংবাদের মোখলেসুর রহমান মুকুল। তারা প্রত্যেকে রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য।এ বিষয়ে অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান আসাদ জানান, দুপুরে একজন ফটো সাংবাদিক ১টি খুলে রাখা দোকানের ছবি তুলছিলেন। তখন সাহেববাজার এলাকার ‘রোজ কসমেটিকস সেন্টার’ নামের দোকানের মালিক নুরুজ্জামান রুবেল তার কর্মচারীদের নিয়ে ফটো সাংবাদিককে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ সময় অন্য দুজন তাকে রক্ষায় এগিয়ে গেলে তাদেরও লাঞ্ছিত করা হয়। পরে স্থানীয় লোকজন তাদের সেখান থেকে উদ্ধার করেন। খবর পেয়ে তারা সেখানে ছুটে যান এবং রাস্তায় অবস্থান নিয়ে এ ঘটনার প্রতিবাদ জানান। এনিয়ে তারা আইনি ব্যবস্থা নেয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান আসাদ। এছাড়াও এই মানহানিকর ঘটনায় বিভিন্ন সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে তীব্র প্রতিবাদসহ জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তির জোর দাবী জানানো হয়েছে।এ ঘটনার সত্যতা নিশ্চিত করে নগরীর বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নিবারন চন্দ্র বর্মন বলেন, দোকানিরা এটা অন্যায় করেছেন। তবে, ফটো সাংবাদিকদের পক্ষ থেকে অভিযোগ দিলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রাইভেট ডিটেকটিভ/ ৭ মে ২০২০/ইকবাল