ইবি শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি
ইবি প্রতিনিধি-

চেক জালিয়াতির অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপাক রুহুল আমিনের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ এ তথ্য জানিয়েছেন।
গণিত বিভাগের প্রফেসর ড. এস. এম. মোস্তফা কামালকে আহবায়ক করে ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের প্রফেসর মোঃ আব্দুস শাহীদ মিয়া ও ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক শাহাদৎ হোসেন আজাদ। কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
উল্লেখ্য আল হাদীস ও ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক শিক্ষার্থী শরিফুল ইসলামকে বিশ্ববিদ্যালয়ের প্রভাষক পদে চাকুরি দেওয়ার কথা বলে ১৫ লক্ষ টাকা নেন রুহুল আমিন। কিন্তু চাকুরি দিতে ব্যর্থ হলে ওই শিক্ষার্থী টাকা ফেরত চান। বিষয়টি জানাজানি হলে গত বছরের ১২ অক্টোবর অগ্রণী ব্যাংক ইসলামী বিশ্ববিদ্যালয় শাখায় ( হিসাব নম্বর ১০৭১৫) ১৫ লাখ টাকার একটি চেক দেন রুহুল আমিন। ৩১ অক্টোবর ব্যাংকে ওই চেক নিয়ে যাওয়া হয়। কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ জানান চেকটি ডিসঅনার হয়েছে। পরে সেই শিক্ষার্থী রুহুল আমিনের বিরুদ্ধে আদালতে মামলা করেন। পরে আদালত রুহুল আমিনের বিরুদ্ধে সমন জারি করে।