কুলাউড়ায় শ্রীপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
মশাহিদ আহমদ, মৌলভীবাজার

মৌলভীবাজার কুলাউড়া উপজেলার শ্রীপুর জালালীয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ রয়েছে। ডিজির নির্দেশে গঠিত তদন্ত কর্মকর্তা গত ৯ জানুয়ারি মাদ্রাসার গভর্ণিং বডির সদস্যের অভিযোগের তদন্ত করতে গেলে অভিযুক্ত অধ্যক্ষের লোকজন মারমুখি হয়ে ওঠলে নিরাপত্তার স্বার্থে তদন্ত কর্মকর্তা কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সহায়তায় পুলিশ ডেকে পরিস্থিতি নিয়ন্ত্রন করে ফিরে আসেন। এনিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় এলাকাবাসীর অভিযোগে সুত্রে জানা যায়- মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শামসুল হক এর অধ্যক্ষ পদে পদায়ণ ও নানা অনিয়ম দূর্নীতি সম্পর্কে উক্ত গভর্ণিং বডির সদস্য ও এলাকাবাসীর অভিযোগের তদন্তের জন্য মাদ্রাসা শিক্ষা বোর্ডের ডিজি মো. বিল্লাল হোসেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তদন্ত করে ২০ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিলের অনুরোধ জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে উপজেলা মৎস কর্মকর্তা সুলতান আহমদ গত ৯ জানুয়ারি মাদ্রাসায় তদন্তে গেলে অধ্যক্ষের পক্ষের লোকজন ও অভিযোগকারির মধ্যে মারমূখি অবস্থার সৃষ্টি হয়। এলাকাবাসীর দাবি, তদন্তকে বাধাগ্রস্থ করতে উক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ গভর্ণিং বডির দুজন সদস্যের নামে মাদ্রাসার ভেন্টিলেটার ভেঙ্গে চুরির অভিযোগে মাদ্রাসারই নাইট গার্ডকে দিয়ে থানায় মামলা দিয়ে হয়রানি করেছেন এবং যারা প্রতিবাদ করছে তাদেরকে চাঁদাবাজীর মামলা দেয়ার ভয় দেখাচ্ছেন। এসব অনিয়মের বিরুদ্ধে স্থানীয় এলাকাবাসী সম্প্রতি মানববন্ধন ও সংবাদ সম্মেলন করায় ভারপ্রাপ্ত ও তার পক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে অবিযোগকারীদের নানাভাবে হয়রানি করছেন। কুলাউড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী গোলাম রাব্বী বলেন- যে কর্মকর্তা তদন্তে গিয়েছিলেন তিনি বিবদমান দুটি পক্ষের কারণে তদন্ত করতে পারেনি। তাই আমি আগামী ১৫ জানুয়ারি দুই পক্ষকে আমার দপ্তরে সংশ্লিষ্ট কাগজপত্রসহ আসতে বলেছি।