কুমিল্লায় সম্পত্তির বিরোধে নারী খুন, আটক ২
ডিটেকটিভ নিউজ ডেস্ক

কুমিল্লার চান্দিনা উপজেলায় সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে শিল্পী রানী দাস (৩৩) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী রনজিত দাস গুরুতর আহত হয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত দুইজনকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার সকাল ৭টার দিকে উপজেলার মহিচাইল ইউনিয়নের বাঁশখালি এলাকায় এ হত্যাকা-ের ঘটনা ঘটে। নিহত শিল্পী রানী দাস (৩৩)ও আহত রনজিত দাস উপজেলার মহিচাইল ইউনিয়নের বাঁশখালি এলাকার বাসিন্দা। আটক হওয়া দু’জন হলেন- সমীর দাস ও তার স্ত্রী রূপালী দাস। তারা হতাহতদের আত্মীয়। স্থানীয় সূত্র জানায়, সম্পত্তির বিরোধের জের ধরে সকালে রনজিতের সঙ্গে তার আত্মীয় সমীরের মারামারির ঘটনা ঘটে। এ সময় সমীর ও তার স্ত্রী রূপালী ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে রনজিত ও তার স্ত্রী শিল্পীকে কুপিয়ে জখম করেন। এতে ঘটনাস্থলেই শিল্পীর মৃত্যু হয়। পুলিশ ঘাতক দু’জনকে আটক করেছে। চান্দিনা থানার ওসি মো. আলী মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।