গর্ভাবস্থায় রক্তস্বল্পতায় ভোগে দেশে অর্ধেক কিশোরী
ডিটেকটিভ নিউজ ডেস্ক

বাংলাদেশের কিশোরীরা রক্তস্বল্পতা জনিত স্বাস্থ্য ঝুঁকিতে ভোগে। প্রথম মাসিকের পর কিশোরীদের রক্তস্বল্পতার হার দ্বিগুণ বৃদ্ধি পায়।
মঙ্গলবার ঢাকার একটি হোটেলে আয়োজিত সেমিনারে এডোহার্টস বেইজলাইন সার্ভের ফলাফলে এ তথ্য বেরিয়ে আসে।
ফলাফলে প্রকাশিত হয়, ১০-১১ বছরের কিশোরীদের মধ্যে রক্তস্বল্পতার হার ১৭ শতাংশ। ১২-১৯ বছরের অবিবাহিত ও বিবাহিত কিশোরীদের মধ্যে রক্তস্বল্পতার হার ৩৫ শতাংশ। গর্ভাবস্থায় কিশোরীদের রক্তস্বল্পতার হার সর্বোচ্চ ৪৯ শতাংশ।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগ এডোহার্টস প্রকল্পভুক্ত চারটি জেলায় এ সার্ভে পরিচালনা করে।
সার্ভের ফলাফলে জানা যায়, ১৫-১৯ বছরের প্রায় অর্ধেক কিশোর-কিশোরী অপুষ্টিতে ভোগে। স্বাস্থ্য সেবার জন্য কিশোর-কিশোরীরা সরকারি সেবা কেন্দ্র কম ব্যবহার করে। এ ছাড়া কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য সরকারি সেবা কেন্দ্র সমূহের প্রস্তুতির অভাব রয়েছে।
এ সার্ভের তথ্যের আলোকে এডোহার্টস প্রকল্পভুক্ত এলাকায় সরকারি সেবা কেন্দ্রগুলোকে ঢেলে সাজানো হবে এবং কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবা প্রবর্তন করা হবে। ২০২০ সালে প্রকল্প মেয়াদ শেষে এডোহার্টসের সফলতা মূল্যায়ন করা হবে।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিভেনটিভ ও সোশ্যাল মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক সৈয়দ শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন- পরিবার পরিকল্পনা অধিদফতরের মহা পরিচালক ডা. কাজী মোস্তফা সারওয়ার।
বিশেষ অতিথি ছিলেন- স্বাস্থ্য অধিদফতরের লাইন ডাইরেক্টর (এমএনসিএএইচ) ডা. মো. জাহাঙ্গীর আলম সরকার, পরিবার পরিকল্পনা অধিদফতরের লাইন ডাইরেক্টর (এমসিআরএএইচ) ডা. মোহাম্মদ শরীফ।