আফগানিস্তানের নতুন তিন অধিনায়ক তিন সংস্করণে
ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
আসগর আফগানের নেতৃত্বে গত চার বছর যথেষ্টই সাফল্য পেয়েছে আফগানিস্তান। বিশ্বকাপের আগে তবু তাকে সরিয়ে দেওয়া হলো। শুধু এটিই নয়, নেতৃত্ব কাঠামোই আমূল বদলে ফেলেছে দলটি। তিন সংস্করণে দায়িত্ব দেওয়া হয়েছে তিন জনকে।
আসগর দায়িত্বে ছিলেন তিন সংস্করণেই। তার জায়গায় এখন টেস্ট দলকে নেতৃত্ব দেবেন রহমাত শাহ। ওয়ানডে দলের নতুন অধিনায়ক গুলবদিন নাইব। টি-টোয়েন্টি দলের অধিনায়ক রশিদ খান।
আসছে বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেবেন গুলবদিন। আফগানিস্তানের সফলতম অধিনায়ক আসগর তাই বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেওয়ার স্বাদ আর পাচ্ছেন না। ২০১৫ বিশ্বকাপের পর মোহাম্মদ নবিকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছিল আসগরকে। তার নেতৃত্বে ৫৬ ওয়ানডের ৩১টি জিতেছে আফগানিস্তান, টি-টোয়েন্টি জিতেছে ৪৬ ম্যাচের ৩৭টিতেই। তার অধিনায়কত্বেই নিজেদের দ্বিতীয় টেস্টে পেয়েছে প্রথম টেস্ট জয়ের স্বাদ।
নতুন অধিনায়কদের মধ্যে রশিদ ছাড়া কারও ঘরোয়া ক্রিকেটেও খুব বেশি নেতৃত্বের অভিজ্ঞতা নেই। বিশ্বকাপের আগে আগে আচমকা এই পরিবর্তন বেশ বিস্ময়কর। তবে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান আজিজউল্লাহ ফাজলি জানিয়েছেন, বিশ্বকাপ মাথায় রেখেই এই বদল।
“বিশ্বকাপ আমাদেরকে সুযোগ করে দিচ্ছে, নয়টি টেস্ট খেলুড়ে দেশের সঙ্গে লড়াই করার। এজন্যই আমরা ভেবেছি, নেতৃত্বে পরিবর্তন আনার এখনই সময়।”
টেস্ট দলের সহ-অধিনায়ক করা হয়েছে হাশমতউল্লাহ শহিদিকে, ওয়ানডে দলে রশিদ ও টি-টোয়েন্টি দলে শফিকউল্লাহ শাফাক।
বিশ্বকাপের আগে স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডে ওয়ানডে সিরিজ দিয়ে শুরু করে হবে নতুন নেতৃত্বে আফগানদের পথচলা।