March 23, 2026, 5:45 am

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ

প্রতিবেদক,মৌলভীবাজার-
সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী, প্রয়াত জাতীয় নেতা এম সাইফুর রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ (৫ সেপ্টেম্বর)। এ উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ, তাঁর পরিবার ও রাজনৈতিক সংগঠন বিএনপি।
পারিবারিক সূত্র ও রাজনৈতিক নেতৃবৃন্দ জানিয়েছেন, দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে। কর্মসূচির মধ্যে রয়েছে কোরআন খতম, মিলাদ, দোয়া মাহফিল, শিরণী বিতরণ, কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ ও স্মরণসভা।
দেশের অর্থনীতির স্থপতি হিসেবে খ্যাত এম সাইফুর রহমান তাঁর কর্মময় জীবনে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন সহজ-সরল ব্যক্তিত্বে। চাওয়া-পাওয়ার অস্থিরতা ছিল না তাঁর জীবনে। উচ্চ বিলাসিতা অপছন্দ করতেন তিনি। সহজ-সরল ভঙ্গিতে আঞ্চলিকতা মেশানো ইংরেজিতে কথা বলার স্বভাব তাঁকে দেশ-বিদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য করে তুলেছিল।মৌলভীবাজারের বাহারমর্দনের সেই ছেলেটিই একসময় হয়ে ওঠেন দেশের অন্যতম সফল অর্থমন্ত্রী। একনাগাড়ে ১২ বার জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করে তিনি গড়েন রেকর্ড। উন্নয়নের যে স্বপ্ন তিনি দেখতেন, বাস্তবায়ন করতেন আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে।মৌলভীবাজারসহ সমগ্র সিলেট অঞ্চলে তাঁর উন্নয়ন কর্মকাণ্ড আজও দৃশ্যমান।
১৯৩২ সালের ৬ অক্টোবর মৌলভীবাজারের বাহারমর্দনে জন্মগ্রহণ করেন এম সাইফুর রহমান। ছোটবেলাতেই পিতৃহারা হয়ে বেড়ে ওঠেন চাচার স্নেহে। মৌলিক শিক্ষা শেষে জগৎসী গোপালকৃষ্ণ উচ্চ ইংরেজি বিদ্যালয় থেকে মেট্রিক পাস করেন। সিলেট এমসি কলেজ থেকে আইকম পাশের পর ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ১৯৫৩ সালে গ্রাজুয়েশন সম্পন্ন করেন।উচ্চশিক্ষার জন্য যান লন্ডনে। ব্যারিস্টারি পড়ার ইচ্ছা থাকলেও বদলে পড়েন চার্টার্ড অ্যাকাউন্টেন্সি। ১৯৫৯ সালে অর্জন করেন ইংল্যান্ড ও ওয়েলসের ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসের ফেলোশিপ। পরবর্তী সময়ে আর্থিক ও উন্নয়ন অর্থনীতিতে উচ্চতর শিক্ষা গ্রহণ করেন।
১৯৬০ সালে বেগম দূররে সামাদ রহমানকে বিয়ে করেন। তাঁদের তিন পুত্র ও এক কন্যা রয়েছে। ২০০৩ সালে স্ত্রী মৃত্যুবরণ করেন।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আহ্বানে তিনি রাজনীতিতে যোগ দেন। ১৯৯৬, ২০০১ সালের নির্বাচনে মৌলভীবাজার-৩ আসন থেকে এবং সিলেট-১ আসন থেকেও নির্বাচিত হন। ২০০৬ সালে সংসদে ১২তম বাজেট উপস্থাপন করে সর্বাধিক বাজেট উপস্থাপনের রেকর্ড গড়েন।
২০০৯ সালের ৫ সেপ্টেম্বর মৌলভীবাজারের নিজ গ্রাম বাহারমর্দন থেকে ঢাকায় যাওয়ার পথে ব্রাহ্মণবাড়িয়ার খড়িয়ালা নামক স্থানে এক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন তিনি। তাঁর শেষ ইচ্ছানুযায়ী বাহারমর্দনেই সমাহিত করা হয়।
আজ সোমবার সকালে বিএনপির স্থানীয় ও কেন্দ্রীয় নেতাকর্মীরা মৌলভীবাজারে তাঁর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। পরে অনুষ্ঠিত হবে মিলাদ, দোয়া মাহফিল ও স্মরণসভা। তাঁর পরিবার, স্মৃতি পরিষদ ও রাজনৈতিক সংগঠনগুলো দিনব্যাপী কর্মসূচি পালন করবে।

Share Button

     এ জাতীয় আরো খবর