রংপুর ব্যুরো:
আসন্ন রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে করাত প্রতীক-এর এক কাউন্সিলর প্রার্থীর প্রচারণায়
বাধা, ভাঙ্গচুর ও হুমকি প্রদানের অভিযোগ উঠেছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী (কাঁটা চামুচ) আশেক
আলীর সমর্থকদের উপর্যুপরি হুমকির শিকার (রসিক) ৩নং ওয়ার্ডের করাত প্রতীকের
প্রচার-প্রচারণার লোকজন। তিনি গতকাল রাত ৮টায় ‘বাংলাদেশ প্রেস ক্লাব’, রংপুর
কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ তোলেন। এর আগে তিনি এ জাতীয় বিষয়ে
অভিযোগ করলেও প্রশাসনিক কোন কার্যক্রম চোখে পড়েনি, ফলে ২৪ ডিসেম্বর আশেক আলী
(কাঁটা চামুচ প্রতীক) এর বিরুদ্ধে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের নির্বাহী কর্মকর্তা ও
রিটার্নিং কর্মকর্তার নিকট একটি লিখিত অভিযোগ করেন। নির্বাচনে কাউন্সিলর প্রার্থী মো.
ইসমাইল হোসেন বলেন, আশেক আলী (কাঁটা চামুচ প্রতীক) প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কর্মীরা
এলাকায় মোটরসাইকেল নিয়ে দফায় দফায় মহড়া দিয়ে বেড়াচ্ছেন। ওয়ার্ডের সকল প্রার্থী ও
কর্মীদের প্রচারের সময় প্রায়ই বাধা দিচ্ছেন, এমনকি মারধরও করছেন। শনিবার আনুমানিক
বিকাল ৪.০০ ঘটিকায় করাত প্রতীকের নির্বাচনী প্রচারণায় ব্যবহৃত চার্জার অটোসহ মাইক
উত্তম বসুনিয়া পাড়ায় উপস্থিত হলে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. আশেক আলী (কাঁটা চামুচ) এর
লোকজন অটোটি আটকিয়ে দেয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে ও এলাকায়
ঢুকতে বাধা প্রদান করে। বাগবিতন্ডার এক পর্যায়ে আশেক আলীর সমর্থকরা করাত
প্রতীকের লোকজনের উপর মারমুখি আচরণ শুরু করে। করাত প্রতীকের প্রচারণায় উপস্থিত
লোকজন বাধা দিলে কাঁটা চামুচ-এর লোকজন করাত প্রতীকের অটোতে থাকা ব্যানার ছিঁড়ে
ফেলে এবং তাদের এলাকায় মাইকিংসহ সকল ধরনের প্রচারণা বন্ধের জন্য হুমকি দেয়।
প্রতিদ্বন্দ্বী প্রার্থী আশেক আলীর গুন্ডাবাহিনী করাত প্রতীকের বাড়ির সামনে নির্বাচনী অফিসে
উপস্থিত হয়ে প্রাণনাশের হুমকি দেয় এবং অফিস ভাঙচুর করে। এমতাবস্থায় করাত
প্রতীকের লোকজন নির্বাচনী প্রচার-প্রচারণা স্বাভাবিক গতিতে করিতে পারছে না, তাই সংবাদ
সম্মেলনের মাধ্যমে উল্লেখিত বিষয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টিতে এনে আশু সমাধান কামনা
করছেন।