বেনাপোল থেকেএনামুলহকঃ
বেনাপোল-ঢাকা আন্তঃনগর ট্রেন বেনাপোল এক্সপ্রেস এখনও বন্ধ রয়েছে। বেনাপোল এক্সপ্রেস এখনও চালু না হওয়ায় ভারত-বাংলাদেশ যাতায়াতকারী যাত্রীসহ সাধারণ যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছেন। ট্রেনটি চালু হলে বেনাপোল-ঢাকার মধ্যে হাজার হাজার যাত্রীর যাতায়াত সহজ হবে। গতি বাড়বে ব্যবসা-বাণিজ্যের।
এদিকে করোনাভাইরাস মহামারির দ্বিতীয় ঢেউয়ে বন্ধ হওয়া ওই ট্রেনটি চালু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় যাত্রীরা।
বেনাপোল কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন বলেন, ভারতে যাতায়াতকারীদের সুবিধার্থে বেনাপোল এক্সপ্রেস সার্ভিস চালু করা হয়। কিন্তু করোনাভাইরাস মহামারিতে বন্ধ হওয়ার পর অন্য সব কিছু চালু হলেও এখনও বন্ধ রয়েছে বেনাপোল এক্সপ্রেস। ট্রেনটি চালু হলে ভারতে যাতায়াতকারীদের দুর্ভোগ কমবে।
রেলওয়ের মহাব্যবস্থাপক (পশ্চিম) মিহির কান্তি গুহ বলেন, দীর্ঘদিন ফেলে রাখায় বেনাপোল এক্সপ্রেসের বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। মেরামতের জন্য সৈয়দপুরের লোকোশেডে রাখা হয়েছে। খুব শিগগির ট্রেনটি চালু করা হবে।
২০১৯ সালের ১৭ জুলাই গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ট্রেনটি উদ্বোধন করেন। ট্রেনটি সপ্তাহে একদিন বিরতি দিয়ে চলাচল করত।