ছাতকে পাথর উত্তোলনকালে শিশু শ্রমিকের মৃত্যু
চান মিয়া, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি

ছাতকে অবৈধভাবে টিলা কেটে পাথর উত্তোলনকালে হাদা-চানপুর প্রাথমিক বিদ্যালয়ের সমাপনী পরিক্ষার্থীর ফলপ্রার্থী জাহাঙ্গির (১২) মৃত্যুবরণ করেছে। সে দোয়ারাবাজার উপজেলা নরসিংপুর ইউনিয়নের শারফিন নগর গ্রামের আফিজ আলীর পুত্র। বুধবার ২৭ডিসেম্বর সকাল ১০টায় ইসামপুর ইউনিয়নের হাদা-টিলায় গ্রামের ইয়াছিন আলীর পুত্র আলালের গর্তে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে টিলা খেকোচক্র লাশ গুম করার পাঁয়তারা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
কিন্তু পুলিশ অনেক অনুসন্ধানের পর লাশ খোঁজে পেয়েছে। এঘটনা নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সহকারি পুলিশ সূপার (ছাতক-দোয়ারা) মো. দোলন মিয়া। তিনি জানান, টিলা কেটে উত্তোলিত পাথর টলি দিয়ে পরিবহনের সময় অসাবধানতাবশতঃ টলি থেকে ছিটকে পড়ে শিশুটি মৃত্যুবরণ করেছে। ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি টের পেয়ে অবৈধভাবে টিলা কাটার মালিক ও শ্রমিকরা এলাকা ছেড়ে পালিয়ে গেছে। জানা গেছে, হাদা টিলা এলাকায় দীর্ঘদিন থেকে প্রশাসনের সহযোগিতায় অবৈধভাবে টিলা কেটে কোটি কোটি টাকার পাথর উত্তোলন করা হচ্ছে। ফলে মারাত্মক ঝুঁকির মূখে পড়েছে ছাতক সিমেন্ট কারখানার রোপওয়ে ও ভোলাগঞ্জ রোপওয়ের একাধিক ট্রেসেল। এখানে পাথর উত্তোলনের সময় আরো একাধিক মৃত্যুবরণকারি শ্রমিকের লাশ গুম করা হয়েছে বলে এলাকাবাসি জানিয়েছে।