আব্দুস সামাদ আজাদ,
মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর। সোমবার রাত। স্থানীয় মুনলাইট রেস্টুরেন্টে এক অনাড়ম্বর পরিবেশে বসেছিল ভিন্নধর্মী এক আয়োজন। আলোচনার টেবিলে এক পাশে বিভিন্ন পেশাজীবী—শিক্ষক, ব্যবসায়ী, সংগঠকরা, অন্য পাশে রাজনীতির মাঠে নতুন করে আলোচনায় আসা এক প্রার্থী। উদ্দেশ্য, কথোপকথনের মাধ্যমে ভবিষ্যতের দিকনির্দেশনা খুঁজে পাওয়া।
সভাপতিত্ব করছিলেন পেশাজীবী সংগঠনের সাধারণ সম্পাদক আতিকুর রহমান। সঞ্চালনায় ছিলেন খলিলুপুর ইউনিয়ন জামায়াতের সহ-সাধারণ সম্পাদক সুমন মিয়া। আর আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন মৌলভীবাজার-রাজনগর-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আব্দুল মন্নান।
বক্তৃতায় আব্দুল মন্নান ফিরে গেলেন স্বাধীনতার সময়ের শপথের কথায়। তাঁর ভাষায়—“স্বাধীনতার ৫৪ বছরেও সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচারের প্রতিশ্রুতি পূরণ হয়নি। জুলাইয়ের গণঅভ্যুত্থান সেই অসমাপ্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের নতুন সুযোগ এনে দিয়েছে।”
তিনি বলেন“সবার জন্য শিক্ষা, কর্ম, বাসস্থান ও স্বাস্থ্য নিশ্চিত করে একটি মানবিক, আধুনিক ও আত্মনির্ভর মৌলভীবাজার গড়ে তোলা আমাদের স্বপ্ন।”
সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সদর উপজেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, খলিলুর ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা আশরাফ আলী ও ব্যবসায়ী হাবিবুর রহমান।
তাঁদের বক্তব্যে উঠে আসে সাধারণ মানুষের প্রত্যাশা, রাজনৈতিক পরিবর্তনের দাবি এবং উন্নত মৌলভীবাজার গড়ে তোলার ইচ্ছা।
রাতের মুনলাইট রেস্টুরেন্টে আলো-ঝলমলে পরিবেশে আয়োজিত এ মতবিনিময় সভা ছিল যেন এক অঘোষিত সামাজিক সমাবেশ। রাজনৈতিক বক্তব্যের পাশাপাশি ছিল স্বপ্ন, ছিল প্রতিশ্রুতির আভা। উপস্থিত নেতাকর্মী ও ছাত্রশিবিরের তরুণ সদস্যদের চোখেমুখে ছিল নতুন দিনের প্রত্যাশা।
একটি মতবিনিময় সভা শেষ হলো, তবে এর আলোচনার ঢেউ হয়তো ছড়িয়ে পড়বে শেরপুর থেকে পুরো মৌলভীবাজারে। সময়ই বলে দেবে—মানবিক ও আত্মনির্ভর মৌলভীবাজারের যে স্বপ্ন আব্দুল মন্নান দেখালেন, তা কতটা বাস্তব রূপ পায়।