March 20, 2026, 8:53 pm

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

মিঠামইনে দুই পক্ষের সংঘর্ষে নিহত ৫

মিঠামইনে দুই পক্ষের সংঘর্ষে নিহত ৫

ডিটেকটিভ নিউজ ডেস্ক

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় খালে বাঁধ দিয়ে মাছ ধরা নিয়ে সংঘর্ষে তিন সহোদরসহ পাঁচ ব্যক্তি নিহত হয়েছেন। সংঘর্ষে নারী-পুরুষসহ আহত হয়েছেন অন্তত ৫০ জন। আজ বৃহস্পতিবার বেলা একটার দিকে মিঠামইনের ঢাকি ইউনিয়নে এ সংঘর্ষ হয়।

নিহত ব্যক্তিরা হলেন মিঠামইনের পশ্চিম হাটির সুলেমান পক্ষের মো. আবদুল আজিজের তিন ছেলে ফেরদৌস মিয়া (৫৫), মাখন মিয়া (৪২) ও মাসুম মিয়া (৩৫) এবং টাগুরিয়া গ্রামের পল্লব পক্ষের সুজন মিয়ার ছেলে রাজীব মিয়া (২৮) ও মুকুল মিয়া (৩০)।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ঢাকি ইউনিয়নের পশ্চিম হাটির সুলেমান মিয়ার পক্ষ ও টাগুরিয়া পাড়ার পল্লব মিয়ার পক্ষের মধ্যে খালের আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আগেও কয়েকবার সংঘর্ষ হয়। এর জের ধরে আজ বেলা একটার দিকে দুই পক্ষের লোকজন খালে বাঁধ দিয়ে মাছ ধরা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে দুই পক্ষের সঙ্গে যোগ দেয় শত শত মানুষ। শুরু হয় রক্তক্ষয়ী সংঘর্ষ। এতে বল্লম ও টেঁটাবিদ্ধ হয়ে ঘটনাস্থলে চারজন মারা যান। হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরেকজন। আর নারী-পুরুষসহ অন্তত ৫০ জন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে ২০ জনকে কিশোরগঞ্জ সদর হাসপাতাল ও মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এ বিষয়ে কথা বলতে দুই পক্ষের দলনেতা সুলেমান ও পল্লবের মুঠোফোনে চেষ্টা করলে তা বন্ধ পাওয়া যায়।

ঢাকি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মজিবর রহমান পাঁচজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। লাশ পাঁচটি উদ্ধার করে কিশোরগঞ্জ সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে এখনো কোনো মামলা বা কাউকে আটক করা হয়নি।

Share Button

     এ জাতীয় আরো খবর