বেড়া প্রতিনিধিঃ
প্রায় ৩৬ বছর আগে হারিয়ে যাওয়া রীনা তার মা বাবা ও বোনদের দেখতে চায়। আজ থেকে ৩৬ বছর আগে রীনা হারিয়ে গিয়েছিল রাজশাহীতে। তখন তার চার বছর বয়স। তাই পুরোপুরি কিছুই মনে পড়ে না। শুধু অস্পষ্টভাবে মনে পরে সেই সময়কার কয়েকটি স্মৃতি। হারিয়ে যাওয়ার দিন রীনা তার অন্য বন্ধুদের সাথে পাশের কোনো এক রেলস্টেশনে খেলাধুলা করছিল। এক সময় সে ইঞ্জিনে উঠে পরে। ট্রেন চলতে শুরু করলে সে আর নামতে পারেনি। অনেক কান্নাকাটি করেও কোনো লাভ হয়নি। ট্রেনের এক লোক তাকে ঢাকা নিয়ে যায়। তারপর দীর্ঘ ৩০ বছর কেটে গেছে। রীনা তার আশ্রয়দাতার বাড়িতে গৃহকর্মীর কাজ করেছেন। এরপর সেই গৃহকর্তা তাকে বিয়ে দেয় বেড়া পৌরসভার সান্যালপাড়া গ্রামে।
এখানেই কথা হয় রীনার সাথে। তার পরিবারের তেমন কোনো স্মৃতি মনে নেই। তার বাড়ি ছিল রেলস্টেশন ও স্টেডিয়ামের কাছে। তার নানি তার ডাকনাম হাছনা বলে ডাকতো। তার আরো দুই বোন ছিল। তাদের নাম নুরজাহান ও লাইলী। বাবার নাম মনে না থাকলেও বাবার সাইকেলের পেছনে চড়ে বেড়ানোর কথা মনে আছে। সাইকেল থেকে পড়ে গিয়ে পা কেটে যাওয়ার কথাও মনে আছে। তার পায়ে আজও সে কাটা দাগ আছে। আজও রীনা তার স্বজনদের একবার দেখার জন্য অপেক্ষা করে আছে।
প্রাইভেট ডিটেকটিভ/১‘মার্চ২০১৮/ইকবাল