
রাকিব হোসেন, ভোলা:
ভোলার সদর উপজেলার শিবপুর ইউনিয়নের রতনপুর গ্রামের ৬নং ওয়ার্ডে গভীর রাতে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।
প্রাথমিকভাবে জানা যায়, রাতে ঘরে প্রবেশ করে এক ব্যক্তি অসদাচরণ করার চেষ্টা করলে গৃহবধূ বাধা দেন। এ সময় তাকে গুরুতরভাবে আঘাত করা হয়।
ঘটনাস্থলে থাকা গৃহবধূর ১০ বছর বয়সী সন্তান বিষয়টি প্রত্যক্ষ করে। শিশুটিও আঘাতপ্রাপ্ত হয়, তবে বর্তমানে সে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
শিশুটির দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ জাহিদ নামের এক যুবককে আটক করেছে। ঘটনার পরপরই তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়।
১৮ ই এপ্রিল শনিবার দুপুরে ভোলার পুলিশ সুপার কাওছার আহমেদ ও ওসি মনিরুল ইসলামসহ জেলা পুলিশের একটি দল হাসপাতালে গিয়ে আহত শিশুটির খোঁজখবর নেন এবং সার্বিক বিষয়ে খতিয়ে দেখার আশ্বাস দেন।
জানা গেছে, নিহত গৃহবধূর স্বামী একজন প্রবাসী এবং ঘটনার সময় ঘরে মা ও সন্তান ছাড়া অন্য কেউ ছিলেন না।
এ ঘটনায় এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।