রুহুল আমীন খন্দকার, ব্যুরো প্রধান :
রাজশাহীর তানোর থানায় এক পুলিশ কনস্টেবলসহ দুইজন নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত অপরজন থানার পরিচ্ছন্নতা কর্মী। আক্রান্ত ওই পুলিশ সদস্যদের নাম মোহাম্মদ আলী হাসান ও পরিচ্ছন্নতা কর্মীর নাম মোঃ আব্দুল মালেক। সোমবার (৪ মে) ২০২০ ইং তাদের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ আসে। রাজশাহীতে এই প্রথম কোনো পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হলেন। এতে শুধু রাজশাহী জেলাতে এখন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়ালো।রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) করোনা ল্যাব সূত্রে জানা গেছে, এ দিন মোট পাঁচজনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে পাবনার দুইজন এবং নাটোরের একজন। অন্য দুইজন রাজশাহীর তানোরের। ল্যাবে আরও ২১৯ জনের নমুনা এসেছে পরীক্ষা জন্য। দুই শিফটে এখানে এক দিনে ১৮৮ জনের নমুনা পরীক্ষা সম্ভব।করোনা শনাক্ত হওয়ার বিষয়ে তানোর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রোজীয়ারা খাতুন বলেন, গত ৩ এপ্রিল তানোর থানায় গিয়ে আমরা এ দুজনের নমুনা সংগ্রহ করি। পরে নমুনা রামেকের ল্যাবে পাঠানো হয়। সোমবার বিকালে জেলার সিভিল সার্জন ডা. এনামুল হক ওই দু’জনের করোনা পজিটিভ আসার তথ্য নিশ্চিত করেছেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো বলেন, থানার দু’জন করোনা পজিটিভ আসার বিষয়টি অবগত হয়েছি। দ্রুত তাদেরকে আইসোলেশনে পাঠানো হয়েছে। একই সাথে আক্রান্তদের সংস্পর্শে আসাদের চিহ্নিত করে কোয়ারেনটাইনে পাঠানো হবে। পর্যায়ক্রমে তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে।এর আগে গত ২৮ এপ্রিল তানোরে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়। আক্রান্ত ওই যুবক (১৮) উপজেলার বাঁধাইড় ইউনিয়নের হাঁপানিয়া গ্রামের বাসিন্দা। তিনি ব্রাক্ষ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত থেকে সম্প্রতি নিজ বাড়িতে ফিরে ছিলেন।তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান এর সত্যতা নিশ্চিত করে বলেন, আক্রান্ত ওই পুলিশ সদস্য মোহাম্মদ আলী হাসান ও পরিচ্ছন্নতা কর্মী মালেক’কে রাজশাহী পুলিশ হাসপাতালে কোয়ারান্টাইনএ রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। পাশাপাশি তিনি এও বলেন, থানার অন্যান্য অফিসার ও পুলিশ সদ্যস্যদের সবাই সুস্থ রেয়েছেন। এই পর্যন্ত কারো মধ্যেই করোনার লক্ষ্মণ যেমন: সর্দি, কাশি কিংবা শ্বাসকষ্ট এ জাতীয় কোন কিছু দেখা যায়নি। তার পরেও খুব সতর্কতার সহিত দেশ ও জাতির এই ক্রান্তিলগ্নে যতটা সম্ভব দুরত্ব বজায় রেখে থানার যাবতীয় কার্যক্রম সচল রাখা হয়েছে।
প্রাইভেট ডিটেকটিভ/ ৪ মে ২০২০/ইকবাল